ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রেকর্ড গড়া সেঞ্চুরিটাই বিফল মনে হচ্ছে সৌম্যের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০০, ২০ ডিসেম্বর ২০২৩
রেকর্ড গড়া সেঞ্চুরিটাই বিফল মনে হচ্ছে সৌম্যের
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শূন্য রানে ফিরলেও দ্বিতীয় ম্যাচে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন সৌম্য সরকার। লম্বা সময় পর শতরানের দেখা পেলেন তিনি। যদিও বাংলাদেশ দল না জিততে পারায় তার করা সেঞ্চুরি বিফল মনে হচ্ছে সৌম্যের।

ওপেনিংয়ে নেমে ১৫১ বলে ১৬৯ রানের অসাধারণ ইনিংস খেলেছেন সৌম্য। তার দুই ছক্কা এবং ২২ চারের ইনিংসে বাংলাদেশ করে ২৯১ রান। পরে অবশ্য কিউই টপ অর্ডার ব্যাটারদের নৈপুণ্যে ম্যাচটি সাত উইকেটে হারে বাংলাদেশ। ব্যক্তিগতভাবে কিছুটা খুশি থাকলেও দলগতভাবে একেবারেই 'মলিন' সৌম্য।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘সেঞ্চুরিটা বিফল মনে হচ্ছে। অবশ্যই আমরা যদি ম্যাচটা জিততাম তাহলে আরও ভালো লাগত। ব্যক্তিগতভাবে ভালো লাগছে, কিন্তু দিন শেষে না। কেননা এটা টিম গেম। যদি জিততাম তাহলে দিন শেষে ভালো লাগা কাজ করত। ভালো স্মৃতি থাকতো।’

Advertisement

আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ৪৪ রানের মধ্যে তিন উইকেট হারায় বাংলাদেশ। এনামুল হক বিজয় ২, নাজমুল হোসেন শান্ত ৬ এবং লিটন দাস ৬ রানে ফিরলে চাপে পড়ে যায় বাংলাদেশ। পরে সৌম্যের সেঞ্চুরি এবং মুশফিকুর রহিমের ৪৫ রানে ম্যাচে ফিরে লাল-সবুজের দল।

শেষদিকে ২৬ বলে ১৯ রান করে সৌম্যকে উপযুক্ত সঙ্গ দেন মেহেদী হাসান মিরাজও। সৌম্যের মতে, গুরুত্বপূর্ণ সময়ে মুশফিক-মিরাজরানা ফিরলে আরও বেশি রান করতে পারত বাংলাদেশ। আর তখনই ম্যাচটি জয়ের সম্ভাবনা বাড়তে পারত।

সৌম্য আরও বলেন, ‘পাওয়ার প্লে তে আমাদের তিন উইকেট না পড়লে হয়ত পরে যে জুটিগুলো হয়েছে মুশফিক ভাইয়ের সাথে...মিরাজের সাথে সেগুলো আরও বড় করতে পারতাম। আবার মুশফিক ভাই- মিরাজ আউট না হলে আরও ৪০-৫০ রান করতে পারতাম আমরা।’

তিনি আরো বলেন ‘দলের রান তিনশ পার হতো। তাহলে ভিন্ন অবস্থা হতে পারত। এটাই নিউজিল্যান্ডের সাথে সর্বোচ্চ রান। কিন্তু সেসময় মুশফিক ভাই বা মিরাজ ক্লিক করলে স্কোর আরও লম্বা হতো, তিনশ পার করত।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!