ড্রিবলিংয়ে দুর্দান্ত এস্তেভাও। ‘ছোট মেসি’ নামে পরিচিতি পাওয়া এই তরুণ ফুটবলারের বয়স মাত্র ১৬। বর্তমানে খেলছেন ব্রাজিলের ক্লাব পালমেইরাসে। ক্লাবের মূল দলের হয়ে একটি ম্যাচই খেলেছেন উইলিয়ান। যা সদ্য শেষ হওয়া ব্রাজিলিয়ান ফুটবল মৌসুমে পালমেইরাসের শেষ ম্যাচ ছিল।
এস্তেভাওর পালমেইরাসের মূল দলে অভিষেক হওয়ার আগেই তার দিকে হাত বাড়িয়েছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো। আর্থিক অনটনের কারণে আসল মেসিকে ছেড়ে দেয়া বার্সেলোনাও ছোট মেসিকে দলে ভেড়াতে চায়।
.png)
কাতালান ক্লাবটির সঙ্গে ছোট মেসিকে পাওয়ার প্রতিযোগিতায় নেমেছে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, পিএসজি আর ম্যানচেস্টার সিটিও। শেষ পর্যন্ত ছোট মেসিকে হয়তো পাওয়া হবে না বার্সার। কারণ, তার যে রিলিজ ক্লজ, সেই অর্থ দিয়ে তাকে নেয়ার অবস্থা নেই আসল মেসির সাবেক ক্লাবটি।
এস্তেভাওর রিলিজ ক্লজ ৬ কোটি ইউরো নির্ধারণ করেছে পালমেইরাস। এর আগে উইলিয়ান ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমকে বলেছিলেন, বার্সার জার্সি গায়ে খেলার স্বপ্ন দেখেন তিনি। তার বাবাও সেই সময় বলেছিলেন, তিনি চান ছেলে বার্সেলোনার প্রতিনিধিত্ব করুক।
কিন্তু গত অক্টোবরে ইউরোপ সফর করে গেলেও বার্সার প্রতিনিধিদের সঙ্গে কথা বলেননি উইলিয়ানের বাবা। তিনি চেলসি, ম্যান সিটি ও পিএসজিতে ঘুরে গেছেন। অবশ্য উইলিয়ান শেষ পর্যন্ত ইউরোপের যে ক্লাবেই যান না কেন, সেটা ২০২৫ সালের আগে হচ্ছে না। ২০২৫ সালে তার বয়স ১৮ বছর পূর্ণ হবে।