প্রিন্স আবদুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে করিম বেনজেমাদের বিপক্ষে ১৪ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে আল নাসর। বেনজেমার অ্যাসিস্ট থেকে গোলটি করেন আবদে রাজ্জাক হামদাল্লাহ। তবে ১৯ মিনিটে সমতায় ফেরে আর নাসর। পেনাল্টি থেকে গোল পান রোনালদো।
৩৮ মিনিটে দলকে লিড এনে দেন তালিস্কা। ফলে প্রথমার্ধেই এগিয়ে যায় দলটি। বিরতি থেকে ফেরার কিছুক্ষণ পর ফের সমতায় ফেরে ইত্তিহাদ। কিন্তু ৬৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইত্তিহাদের ফ্যাবিনহো। আর পরের মিনিটেই ম্যাচের দ্বিতীয় পেনাল্টি পায় নাসর।
.png)
সেখান থেকে গোল তুলে নেন রোনালদো। যা ২০২৩ সালে রোনালদোর ৫৩তম গোল। এ গোলের মাধ্যমে বছরে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে বসলেন তিনি। অন্যদিকে ৫২টি করে গোল করে তালিকায় পরের অবস্থানে আছেন হ্যারি কেন ও কিলিয়ান এমবাপ্পে।
এরপর দৃশ্যপটে সাদিও মানে। সেনেগালিজ এই ফরোয়ার্ড ৭৫ ও ৮২ মিনিটে দুটি গোল করেন। এর একটিতে অ্যাসিস্ট করেন তালিস্কা আর অন্যটিতে ওটাভিও। এ জয়ের মাধ্যমে ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট পেলো আল নাসর। সমানসংখ্যক ম্যাচে ইত্তিহাদের পয়েন্ট ২৮। আর ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আল হিলাল।