ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ইংলিশ প্রিমিয়ার লিগ

খ্যাপাটে উদযাপনে মূল্যবান আংটি হারাতে বসেছিলেন ক্লপ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১৪, ২ জানুয়ারি ২০২৪
খ্যাপাটে উদযাপনে মূল্যবান আংটি হারাতে বসেছিলেন ক্লপ
ছবি- সংগৃহীত

দলের জয় কিংবা শিষ্যদের গোলের মুহূর্তটি বেশ খ্যাপাটে স্বভাবে উদযাপন করেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। উদযাপনের মুহূর্ত পেলেই কিছু দূর খ্যাপাটে দৌড় দিয়ে বাতাসে মুষ্টিবদ্ধ ঘুষি ছুড়তে থাকেন তিনি। তার এমন উদযাপনটি বেশ উপভোগও করেন অল রেডস ভক্তরা।

সোমবার ঘরের মাঠ অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে মাঠে নামে লিভারপুল। যেখানে প্রতিপক্ষকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। 

ঘরের মাঠে দুর্দান্ত জয়ের পর সেই খ্যাপাটে উদযাপন করছিলেন লিভারপুল কোচ। কিন্তু এবার উদযাপন করতে গিয়ে বিপদেই পড়তে যাচ্ছিলেন ক্লপ। নিজ দলের সমর্থকদের স্ট্যান্ডের সামনে উদ্‌যাপন করতে গিয়ে বিয়ের আংটি হারানোর শঙ্কায় ছিলেন তিনি। 

Advertisement

অ্যানফিল্ডে লিভারপুলকে সমর্থন দিতে আসা দর্শকদের সঙ্গে জয় উদযাপনের সময় ক্লপের আঙুল থেকে বিয়ের আংটি পড়ে যায় ঘাসে। মূল্যবান আংটি হারিয়ে হতভম্ব হয়ে যাওয়া ক্লপ কিছু সময় খোঁজাখুঁজি করলেন নিজেই। 

তবে মাঠে শিষ্যরা পারলেও নিজে সফল হতে পারলেন না জার্মান কোচ। ব্যর্থ কোচ তখন মাঠে নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মীর সহায়তা চাইলেন। দুজনে খুঁজেও যখন পাচ্ছিলেন না, তখন ক্লপকে সহায়তা করেন ক্যামেরাম্যান। তার খ্যাপাটে উদযাপনের সময় ক্যামেরাম্যান প্রায় সব সময় সঙ্গেই ছিলেন। 

ক্যামেরাম্যান এসে তখন সঠিক জায়গাটা দেখিয়ে দেন। আংটি পেয়ে যেন হাঁফ ছেড়ে বাঁচেন ক্লপ। বিয়ের আংটি পেয়েই ক্যামেরার লেন্সের সামনে চুমু এঁকে দেন। এরপর আবারো দৌড় শুরু করে দেন তিনি। আর মাঠ ছাড়ার সময় ক্যামেরাম্যানের সঙ্গে কোলাকুলি করে ধন্যবাদও জানান তিনি। 

ক্যামেরাম্যানকে ধন্যবাদ শুধু মাঠেই নয়, বাইরেও দিয়েছেন ক্লপ। ম্যাচ শেষে বেইন স্পোর্টসকে সাক্ষাৎকার দেওয়ার সময় ক্যামেরাম্যানকে নায়ক বলে সম্বোধন করেছেন তিনি। লিভারপুল কোচ বলেছেন, ‘সাধারণত জুয়েলারি পরি না। তবে এই আংটিটা বিশেষ কিছু, যা ছাড়া আমি বাঁচতে পারি না। খুঁজে দেওয়া ক্যামেরাম্যান আমার নায়ক। ২০২৪ সালের জন্য সে আমার নতুন নায়ক। তাঁর প্রয়োজন পড়লে এখন থেকে সে আমার ছবি তুলতে পারবে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!