ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চাকরি হারালেন রুনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০৪, ৩ জানুয়ারি ২০২৪
চাকরি হারালেন রুনি
ওয়েইন রুনি

মাত্র ১৫ ম্যাচ পরই চ্যাম্পিয়নশিপ ক্লাব বার্মিংহাম সিটি থেকে বরখাস্ত হয়েছেন কোচ ওয়েইন রুনি। তার অধীনে মাত্র দুই জয়ের পাশাপাশি নয়টিতেই পরাজিত হয়েছে বার্মিংহাম। যে কারণে রুনির বিদায় নিশ্চিত হয়। লিডসের কাছে শেষ ম্যাচে ৩-০ গোলে বিধ্বস্ত হবার পরই রুনির বিদায়ের ঘোষণা দেয়া হয়।

ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের ৩৮ বছর বয়সী সাবেক এই তারকা গত অক্টোবরে বার্মিংহামের কোচ হিসেবে নিয়োগ পান। রুনি যখন দায়িত্ব গ্রহণ করেন তখন চ্যাম্পিয়নশিপ টেবিলের ষষ্ঠ স্থানে ছিল ক্লাবটি। কিন্তু টানা পরাজয়ে রেলিগেশন জোনে থাকা বার্মিংহাম এখন টেবিলের ২০তম স্থানে রয়েছে।

ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সকলের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও ফলাফল প্রত্যাশা অনুযায়ী হয়নি। আর এ কারণেই আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বোর্ড মনে করেছে ক্লাবের বৃহত্তর স্বার্থে কোচ পরিবর্তন প্রয়োজন।’

Advertisement

চাকরি হারিয়ে রুনি বলেন, ‘ফুটবলে ফলাফল গুরুত্বপূর্ণ। আমি বুঝতে পারছি এই মুহূর্তে দলের যে অবস্থানে থাকার কথা সেখানে তারা নেই। একজন কোচের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সময়। আমি বিশ্বাস করি ১৩ সপ্তাহ একটি ক্লাবের পরিবর্তনের জন্য যথেষ্ট।’

তিনি আরোঅলেন, ‘ব্যক্তিগতভাবে এই ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে আমার কিছুটা সময় লাগবে। কোচ হিসেবে পরবর্তী যাত্রার আগে নিজেদের প্রস্তুত করে তোলারও একটি সুযোগ এসেছে।’

বর্ণাঢ্য খেলোয়াড়ি ক্যারিয়ারের বিপরীতে রুনির কোচিং ক্যারিয়ার এখনো সেভাবে সাফল্যের মুখ দেখেনি। কঠিন পরিস্থিতিতে তিনি ডার্বিতে দায়িত্ব পালন করেছেন। সব মিলিয়ে কোচিং ক্যারিয়ারে ১৫২ ম্যাচে ৪১টি জয় ও ৭৩টি পরাজয়ের স্বাদ পেয়েছেন রুনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!