নয় মাস আগে আইপিএল খেলার সময় হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন উইলিয়ামসন। সেখান থেকে মোটামুটি সুস্থ হয়ে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ এবং বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলেছিলেন ৩৩ বছর বয়সী এ ক্রিকেটার।
পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে গেল মাসে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টি-২০ সিরিজে খেলেননি উইলিয়ামসন। আগামী ১২ জানুয়ারি থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া টি-২০ সিরিজেও সবগুলো ম্যাচ খেলবেন না তিনি।
.png)
সিরিজের তৃতীয় ম্যাচে বিশ্রামে থাকবেন উইলিয়ামসন। ডানেডিনের সেই ম্যাচে দলকে নেতৃত্ব দিবেন অলরাউন্ডার মিচেল স্যান্টনার। এদিকে দলে ফিরেছেন বাংলাদেশের বিপক্ষে সাদা বলে দুই ফরম্যাটের সিরিজ মিস করা ওপেনার ডেভন কনওয়ে।
এছাড়াও দলে ফিরেছেন গত বিশ্বকাপ চলাকালীন ইনজুরিতে পড়া পেসার ম্যাট হেনরি ও লকি ফার্গুসন। ইনজুরির কারণে দলে সুযোগ হয়নি পেসার কাইল জেমিসন ও স্পিনার মাইকেল ব্রেসওয়েলের।
১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছেন প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপে খেলতে ব্যাট হাতে ৫৭৮ রান করে চমক দেখানো রবীন্দ্র। তাকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোচ গ্যারি স্টিড।
নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, টিম সেইফার্ট, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ইশ সোধি, টিম সাউদি, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও বেন সিয়ার্স।