ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৯, ১০ জানুয়ারি ২০২৪
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার
মাসুদুর রহমান মুকুল

দক্ষিণ আফ্রিকায় আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। যুব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় আম্পায়ারদের ভূমিকায় দেখা যাবে বাংলাদেশের দুইজনকে। তারা হচ্ছেন- গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল।

এরই মধ্যে গ্রুপপর্বে আম্পায়ারদের দায়িত্বও বন্টন করে দিয়েছে আইসিসি। যেখানে উদ্বোধনী ম্যাচের দায়িত্বে রয়েছেন বাংলাদেশের আম্পায়ার সোহেল। ১৯ জানুয়ারি উদ্বোধনী ম্যাচে পচেফস্ট্রুমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। ম্যাচটিতে সোহেল থাকবেন অন-ফিল্ড আম্পায়ার হিসেবে।

সোহেলের সঙ্গে সেই ম্যাচে থাকবেন আয়ারল্যান্ডের রোল্যান্ড ব্ল্যাক। এছাড়া টিভি আম্পায়ার পাকিস্তানের রশিদ রিয়াজ ওয়াকার ও আফগানিস্তানের বিসমিল্লাহ জান শিনওয়ারি চতুর্থ আম্পায়ারের ভূমিকা পালন করবেন। শ্রীলঙ্কার গ্রায়েম ল্যাবরুই থাকবেন ম্যাচ রেফারির দায়িত্বে।

Advertisement

আজ (বুধবার) এক বিজ্ঞপ্তিতে আইসিসি বিশ্বকাপ গ্রুপপর্বের ২৪ ম্যাচে আম্পায়ারদের দায়িত্বের কথা জানিয়েছে। যেখানে অন-ফিল্ড আম্পায়ার, টিভি আম্পায়ার, চতুর্থ আম্পায়ার ও ম্যাচ রেফারির নাম জানানো হয়। তবে সুপার সিক্স, সেমিফাইনাল ও ফাইনালে দায়িত্বের বিষয়টি পরে জানাবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপের ছয়টি ম্যাচেই আম্পায়ার থাকবেন সোহেল। তিনটিতে অন-ফিল্ড, দুটিতে টিভি ও একটিতে তাকে চতুর্থ আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে তাকে। গ্রুপটিতে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রয়েছে ইংল্যান্ড ও স্কটল্যান্ড। বিশ্বকাপের আগে চারটি অফিসিয়াল ওয়ার্মআপ ম্যাচেও আম্পায়ারিং করবেন তিনি।

বাংলাদেশের আরেক আম্পায়ার মুকুলও চারটি ওয়ার্মআপ ম্যাচে আম্পায়ারিং করবেন। এরপর অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নামিবিয়াকে নিয়ে গড়া ‘সি’ গ্রুপের ছয়টি ম্যাচেই দায়িত্ব পালন করবেন তিনি। তিনটিতে অন-ফিল্ড আম্পায়ার, দুটিতে চতুর্থ আম্পায়ার ও একটিতে তাকে টিভি আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে।

আসন্ন বিশ্বকাপের ‘এ’ গ্রুপে বাংলাদেশের যুবারা পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সঙ্গে। ‘বি’ গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। ‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়ার সঙ্গী শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।

আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও নিউজিল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা করবে ‘ডি’ গ্রুপে। ১৯ জানুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী দিনে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। এর আগে তারা ১৪ ও ১৭ জানুয়ারি যথাক্রমে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচ খেলবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!