ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রিয়ালকে ফেবারিট মানছেন না জাভি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১৩, ১২ জানুয়ারি ২০২৪
রিয়ালকে ফেবারিট মানছেন না জাভি
ছবি- সংগৃহীত

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা-ওসাসুনা। যেখানে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে কাতালান ক্লাবটি। এর মধ্য দিয়ে আসরের ফাইনাল নিশ্চিত করেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

বৃহস্পতিবার রাতে রিয়াদের আল আওয়াল পার্ক স্টেডিয়ামে সুপার কাপের সেমিফাইনালে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এ ম্যাচে বার্সার হয়ে গোল করেছেন পোল্যান্ডের ফরোয়ার্ড রবার্ট লেভানদোভস্কি ও স্প্যানিশ তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল। 

এদিন প্রথমার্ধে গোলশূন্য থেকে দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে গোল করে দলকে প্রথম লিড এনে দেন লেভানদোভস্কি। আর অতিরিক্ত সময়ে (৯০+৩) গোল করে বার্সার জয় নিশ্চিত করে ইয়ামাল।

Advertisement

এর আগে, বুধবার রাতে একই ভেন্যুতে ৮ গোলের থ্রিলার ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়ে সুপার কাপের ফাইনালে উঠেছিল রিয়াল। ফলে একদিন পরই রিয়ালের সঙ্গী হলো বার্সা।

সুপার কাপের গত আসরেও ফাইনাল উঠেছিল এই দুই দল। সেই আসরে রিয়ালকে হারিয়ে নিজেদের রেকর্ড ১৪তম শিরোপা জিতেছিল বার্সেলোনা। এ কারণে এবারের আসরে নিজেদের ফেবারিট দাবি করেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। তিনি রীতিমতো রিয়ালের কোচ কার্লো আনচেলত্তিকে হুমকি দিয়ে রেখেছেন।

তিনি বলেন, ‘ফাইনাল এখনো খেলা হয়নি। তারা কেবল (সেমি-ফাইনাল) জিতেছে। আমি (রিয়াল) মাদ্রিদের খেলা দেখেছি। তারা খুবই ভালো খেলেছে। আমার মনে হয় তারা এক বছর আগের চেয়ে এখন অনেক ভালো দল। তবে তারা ফেবারিট নয়।’

আর রিয়ালকে কেন ফেভারিট মনে করেন না তার ব্যাখ্যা দিয়েছেন তিনি, ‘এটা এল ক্লাসিকো। আমার বিশ্বাস আমাদের সেরা ভার্সনটাই খুঁজে পাব। এক বছর আগে আমার কোচিংয়ে এটা সেরা ম্যাচের একটি ছিল। আজকের বিষয়টি সোজাসাপ্টা, আমাদের ফাইনাল উপভোগ করতে হবে এবং এরপর লড়াই করতে হবে।’

রোববার সুপার কাপের শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। রিয়াদের আল আওয়াল পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!