রোনালদোকে নিয়ে যা বললেন ব্রাজিলিয়ান তারকা
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনাকে বিধ্বস্ত করে শিরোপা উঁচিয়ে ধরেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে প্রথমার্ধেই হ্যাটট্রিক করেন ব্রাজিলের তরুণ তুর্কি ভিনিসিয়ুস জুনিয়র। এতে ম্যাচটি ৪-১ ব্যবধানে জেতে লস ব্ল্যাঙ্কোসরা।
সুপার কাপের ফাইনালটি গড়িয়েছিল সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে। এদিন ম্যাচের সপ্তম মিনিটে প্রথম গোলের পর গ্যালারির দিকে ছুটে গিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর আইকনিক ‘সিউ’ উদযাপন করেন ভিনিসিয়ুস।
ফাইনালে হ্যাটট্রিক করে বার্সেলোনাকে উড়িয়ে দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমন উদযাপনের কারণ জানান এই ব্রাজিলিয়ান ফুটবলার। তিনি বলেন, ‘উদযাপনটি ছিল আমার আইডল ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য। তিনি আমার আদর্শ। যেভাবে আজকে আমরা খেলেছি এবং যা করেছি, তাতে আমি খুবই খুশি।’
.png)
রিয়ালের জার্সিতে অনন্য কীর্তি গড়েছেন ভিনিসিয়ুস। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করেন তিনি। এর আগে দুই ব্রাজিলিয়ান এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করেছেন, তবে সেটি বার্সেলোনার হয়ে। ১৯৫৮ সালে ইভারিস্টো ও ১৯৯৪ সালে রিয়ালের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন রোমারিও।