ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ছেলে জাতীয় দলে, বাবা সংসার চালান সিলিন্ডার ডেলিভারি দিয়ে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:২৪, ৩০ জানুয়ারি ২০২৪
ছেলে জাতীয় দলে, বাবা সংসার চালান সিলিন্ডার ডেলিভারি দিয়ে
রিংকু সিং

টি-২০ ফরম্যাটে ভারতের নতুন ফিনিশার বলা হচ্ছে রিংকু সিংকে। আগামী টি-২০ বিশ্বকাপের দলেও তাকে দেখা যেতে পারে। গত বছর আইপিএলে আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ জেতানো রুদ্ধশ্বাস ইনিংসের পর থেকেই আলোচনার কেন্দ্রে তিনি।

এসবের পরও সংসার চালানোর জন্য নিয়মিত পরিশ্রম করছেন রিংকুর বাবা। ছেলে বিশ্ব ক্রিকেটে নজর কাড়লেও নিজের জীবন পরিবর্তন করতে চান না তার বাবা খানচাঁদ সিং। আগের মতো এখনো বাড়ি বাড়ি রান্নার গ্যাসের সিলিন্ডার সরবরাহ করে চলেছেন তিনি।

সম্প্রতি রিংকুর বাবার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশের আলিগড়ে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য গাড়িতে এলপিজি সিলিন্ডার তুলছেন খানচাঁদ। যদিও ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।

Advertisement

ক্রিকেটীয় সাফল্য পাওয়ার পর নতুন ফ্ল্যাট কিনেছেন রিংকু। পরিবার এখন আর আগের মতো দারিদ্র নেই। রিংকুর আয়ে যথেষ্ট সচ্ছল তার পরিবার। তাহলে খানচাঁদ কেন এখনো রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহের কাজ করছেন?

ভাইরাল হওয়া খানচাঁদের ভিডিও ক্রিকেটপ্রেমীদের মধ্যে বিস্ময় তৈরি করেছে। তাহলে কি তারকা হয়ে ওঠা রিংকু বাবা-মায়ের খেয়াল রাখছেন না? বিষয়টা একদমই তেমন নয়। খানচাঁদের এখনো প্রতিদিন পরিশ্রম করা নিয়ে প্রশ্ন করা হয়েছিল রিংকুকে।

এ বিষয়ে রিংকু বলেন, ‘বাবাকে অনেকবার বলেছি বিশ্রাম নেয়ার জন্য। আমাদের অবস্থা এখন যথেষ্ট ভাল। ভারী সিলিন্ডারগুলো বাবার প্রতিদিন তোলার কোনো দরকার নেই। কিন্তু বাবা কাজ বন্ধ করতে নারাজ।’

এরপর তিনি বলেন, ‘নিজের কাজের প্রতি বাবার অসম্ভব ভালবাসা। তাই যতদিন পারবেন, ততদিন কাজ করে যেতে চান। বাবা স্বেচ্ছায় বিলাসের জীবন বেছে নেননি। পরিবারের কারো কথা শোনেননি তিনি। ’

রিংকু আরো বলেন, ‘বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেছেন। নিজেকে কাজের মধ্যেই রাখতে চান। এতদিন যে কাজ করেছেন, সেই কাজই করে চলেছেন। তাই বাবাকে বসে থাকতে বাধ্য করতে চাইছি না।’

ছেলের বদলে যাওয়া জীবনে এখনই গা ভাসিয়ে দিতে নারাজ রিংকুর বাবা। ক্রিকেটপ্রেমীরা তার এমন মানসিকতার প্রশংসা করেছেন। তার পরিশ্রম এবং কাজের প্রতি ভালবাসাকে কুর্নিশ জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!