২০০০ সালের সেপ্টেম্বরে বার্সেলোনার ট্রায়ালে সবাইকে চমকে দিলেন আর্জেন্টিনার খুদে তারকা লিওনেল মেসি। এরপর একদিন হঠাৎ বার্সার ক্রীড়া পরিচালক কার্লোস রেক্সাস মেসির পরিবারকে দুপুরের খাবারের নিমন্ত্রণ জানালেন। একই বছরের ১৪ ডিসেম্বর রেস্তোরাঁর এক টুকরো ন্যাপকিন পেপারে (হাত ও মুখ মোছার কাগজ) প্রাথমিক চুক্তি সই হয়েছিল বার্সেলোনা ও ১৩ বছর বয়সী মেসির।
এরপরের গল্পটা প্রায় সবার জানা। রূপকথার মতো উত্থান এ লিটল ম্যাজিশিয়ানের। মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হয়ে ওঠার সঙ্গে সঙ্গে বিখ্যাত হয়েছে তার সই করা সেই ন্যাপকিনও। যা এবার নিলামে উঠতে চলেছে।
.png)
সেদিনের সেই চুক্তিপত্রে লেখা ছিল, ‘বার্সেলোনায় ১৪ ডিসেম্বর, ২০০০ সালে মিনগেলা, হোরাশিও আর বার্সার ক্রীড়া পরিচালক কার্লোস রেক্সাসের উপস্থিতিতে পূর্ণ দায়িত্বের সঙ্গে নির্দিষ্ট অঙ্কে লিওনেল মেসিকে সই করানোর ব্যাপারে একমত হওয়া গেল।’
এ ন্যাপকিন চুক্তি এতদিন রাখা ছিল বার্সেলোনার মিউজিয়ামে। চাইলে তা দেখতেও পারতেন সমর্থকরা। সেখান থেকে হঠাৎই নিলামে তোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী মার্চে ব্রিটিশ নিলামকারী প্রতিষ্ঠান বোনহামস এটিকে নিলামে তুলছে। নিলামে ন্যাপকিন পেপারটির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় পায় ৪ কোটি ১৯ লাখ টাকায়।
এই নিলাম প্রসঙ্গে বোনহামসের দুষ্প্রাপ্য বই ও পাণ্ডুলিপি বিভাগের প্রধান ইয়ান এহলিং বলেন, ‘আমি নিলাম পরিচালনা করেছি, এমন জিনিসগুলোর মধ্যে এটি সবচেয়ে রোমাঞ্চকর। হ্যাঁ, এটি ন্যাপকিন পেপার। কিন্তু এটা সেই ন্যাপকিন পেপার, যেটার মাধ্যমে লিওনেল মেসির ক্যারিয়ার শুরু হয়েছিল। এটা বার্সার ভবিষ্যৎ আর মেসির জীবন পরিবর্তন করে দিয়েছিল। ফুটবলে বিশ্বের কোটি সমর্থককে চমৎকার মুহূর্ত উপহার দিয়েছে।’
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে টানা ১৭ বছর খেলেছেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি। কাতালুনিয়াদের হয়ে ৭৭৮টি ম্যাচ খেলে ৬৭২ গোল করেন ক্লাবটির ইতিহাসের সেরা এই ফুটবলার। সেইসঙ্গে জিতেছেন ১০টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়নস লিগ।
কাতালান ক্লাবের ডেরা ছেড়ে মেসি, তবুও ক্লাবের সমর্থকরা এখনো ভুলতে পারেনি তাকে। প্যারিস ঘুরে এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন আর্জেন্টাইন মহাতারকা।