এবারের আসরে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মিরাজ—তারকা ক্রিকেটারদের নিয়ে গড়া ফরচুন বরিশাল এখন পর্যন্ত খেলেছে ৫ ম্যাচ। মিরাজ খেলেছেন ৫ ম্যাচেই। এই ৫ ম্যাচে তিনি ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন ৪ ম্যাচে। ২৩.৩৩ গড়ে করেছেন ৭০ রান। স্ট্রাইকরেট ১৭০.৭৫।
মিরাজকে ব্যাটিং করতে হয়েছে তিনটি ভিন্ন ভিন্ন পজিশনে। ওপেনিং ও তিন নাম্বার—এই দুই পজিশনে ব্যাটিং করেছেন এক ম্যাচ করে। শেষ দুই ম্যাচে ব্যাটিং করেছেন ৭ নম্বরে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে করেছেন ৩৫ ও ১৫ রান। এই দুই ম্যাচে তিনি খেলেছেন ১৬ ও ৬ বল। দলের প্রয়োজনে যেকোনো জায়গায় ব্যাটিং করতে রাজি বলে জানিয়েছেন মিরাজ।
.png)
বৃহস্পতিবার সিলেটে সাংবাদিকদের এই অলরাউন্ডার বলেন, ‘একটা জায়গায় ফিক্সড করে দিলে ভালো লাগবে। তবে আমাকে যে বিভিন্ন ভূমিকায় দেওয়া হচ্ছে, হয়তো দলের একটা সমন্বয় আছে। দলের একটা পরিকল্পনা আছে। শেষ দুইটা ইনিংস একই জায়গায় খেলিয়েছে ৭ নম্বরে। হয়তো তারা চিন্তা করেছে, এখানে খেললে আমার জন্য ভালো হবে। দলের জন্য ভালো হবে।’
এমন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘ছোট ছোট ইমপ্যাক্ট ইনিংসগুলো গুরুত্বপূর্ণ হবে দলের জন্য। দেখেন যে শেষ দুইটা ইনিংস যেমন ছিল, তাতে নিজের কাছে আমি খুশি। দিনশেষে দল ভালো করলে ভালো লাগে। চেষ্টা করছি নিজেকে মানিয়ে নেয়ার।’