জিরোনাকে হারিয়ে লা লিগা জয়ের পথে রিয়ালের বড় লাফ
চলতি মৌসুমে লা লিগায় দুর্দান্ত খেলছে জিরোনা। রিয়ালের ঘরের মাঠে খেলতে আসার আগে লা লিগায় ২৩ ম্যাচে মাত্র একবার হারের মুখ দেখেছিল দলটি। সেটিও ছিল রিয়ালের বিপক্ষেই। বলা যায় লা লিগার শিরোপার লড়াইটা বেশ জমিয়ে রেখেছিল জিরোনা।
কিন্তু রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আর পেরে উঠল না জিরোনা। ভিনিসিয়ুস জুনিয়র আর জুড বেলিংহামের দুর্দান্ত পারফরম্যান্সে দলটিকে বিধ্বস্ত করেছে রিয়াল। শনিবার রাতের ম্যাচটিতে ৪-০ ব্যবধানে জিতেছে লস ব্লাঙ্কোসরা।
নিয়মিত চারজন সেন্টার ব্যাকের সবাই চোটে পড়ে বাইরে। রাইট ব্যাক দানি কার্ভাহাল এবং ডিফেন্সিভ মিডফিল্ডার অরেলিয়ে চুয়ামেনিকে দিয়ে রক্ষণভাগ সাজান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
.png)
এসবের পরও ঘরের মাঠে রিয়াল ডিফেন্ডারদের দিতে হয়নি তেমন পরীক্ষা। ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত গোলে প্রথমে লিড। এরপর তার অ্যাসিস্ট থেকেই বেলিংহামের গোলে ব্যবধান দ্বিগুণ।
দ্বিতীয়ার্ধে ফিরে আবারও ভিনি-জুড জুটির যুগলবন্দিতে জুডের দ্বিতীয় আর রিয়ালের তৃতীয় গোল। জিরোনার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রদ্রিগো। শেষ দিকে জোসেলু পেনাল্টি মিস না করলে ব্যবধান হতে পারত ৫-০।
দুর্দান্ত এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত করল রিয়াল মাদ্রিদ। ২৪ ম্যাচে ১৯ জয় ৪ ড্র আর এক হারে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। সমান ম্যাচে ১৭ জয়ে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা।
এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৫০। ৪৮ পয়েন্ট নিয়ে চারে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এ অবস্থায় রিয়ালের লা লিগা জয়ের পথ একদম মসৃণ।