দায়িত্ব পাওয়ার এক বছরের মাঝেই বরখাস্ত ক্লিন্সম্যান
এশিয়ান কাপের সেমিফাইনালে জর্ডানের কাছে পরাজয়ের পর ইয়ুর্গেন ক্লিন্সম্যানকে ফুটবল দলের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে দক্ষিণ কোরিয়া। তারকা সমৃদ্ধ দল নিয়েও এশিয়ান কাপে আরো একবার ব্যর্থতায় মাত্র এক বছরের মাথায় চাকরি হারালেন সাবেক এই জার্মান স্ট্রাইকার।
৫৯ বছর বয়সী ক্লিন্সম্যান জার্মানির জার্সি গায়ে বিশ্বকাপ জয় করেছেন। কোচ হিসেবে এই এক বছরের মধ্যে কখনোই দক্ষিণ কোরিয়ান সমর্থক কিংবা গণমাধ্যমের আস্থা অর্জন করতে পারেননি তিনি।
কোরিয়ান ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট চুং মং-গাইউ বলেছেন, ‘সার্বিক দিক বিবেচনা করে কেএফএ জাতীয় ফুটবল দলের কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। কোচিং দক্ষতা ও নেতৃত্বের গুণাবলী দেখাতে ব্যর্থ হয়েছেন ক্লিন্সম্যান। বিশেষ করে দলের প্রয়োজনে তিনি নিজের কৌশল প্রয়োগে ব্যর্থ হয়েছেন।’
বর্ণাঢ্য খেলোয়াড়ী জীবনে কৃতিত্বের সঙ্গে ক্লিন্সম্যানের কোচিং রেকর্ড একেবারেই বেমামান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দক্ষিণ কোরিয়ার যাত্রাটাকে অসাধারণ উল্লেখ করে ক্লিন্সম্যান খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছেন।
ক্লিন্সম্যানকে ছাঁটাই করার ব্যপারে কেএফএ’র উপর অনেক চাপ ছিল। দেশটির ন্যাশনাল টিম কমিটি বৃহস্পতিবার জানিয়েছিল নেতৃত্বের পরিবর্তন জরুরী হয়ে পড়েছে।
কাতারের সেমিফাইনালে জর্ডানের কাছে ২-০ গোলের পরাজয় কোনভাবেই মেনে নিতে পারছেনা দেশটির সমর্থকরা। ঐ ম্যাচের ঠিক আগে খেলোয়াড়রা নিজেদের মধ্যে বিরোধে জড়িয়ে পড়ে।
২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত ক্লিন্সম্যানের সাথে চুক্তি করেছিল দক্ষিণ কোরিয়া। ৬৪ বছরের মধ্যে প্রথমবারের মত এশিয়ান শিরোপা জয়েও ক্লিন্সম্যানের উপর ভরসা করেছিল এশিয়ান জায়ান্টরা।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে আগামী মাসে থাইল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে হোম ও অ্যাওয়ে ম্যাচের জন্য অস্থায়ী কোচ নিয়োগ দেবে কেএফএ।