হয়লুন্দের জোড়া গোলে ইউনাইটেডের জয়
অনেক আশা নিয়ে রাসমুস হয়লুন্দকে দলে ভিড়িয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ৮৭৩ কোটি টাকা কেনা হয়লুন্দ শুরুর দিকে ক্লাবটির ন্যূনতম প্রত্যাশাটুকুও পূরণ করতে পারছিলেন না। প্রিমিয়ার লিগে নিজের প্রথম ১৪ ম্যাচে ছিল না কোনো গোল।
সেই হয়লুন্দই আজ নিয়ে টানা ৬ ম্যাচে গোল করে রেকর্ড বই ওলট-পালট করলেন। রোববার (১৭ ফেব্রুয়ারি) ডেনমার্কের এই তরুণ ফরোয়ার্ডের জোড়া গোলেই লুটন টাউনকে ২-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার আর প্রতিপক্ষের মাঠে টানা তিন জয়ে ৪৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থান আরও মজবুত করল এরিক টেন হাগের দল। দিনের আরেক ম্যাচে সাতে থাকা ব্রাইটন তলানির দল শেফিল্ডকে ৫-০ গোলে উড়িয়ে দিলেও ইউনাইটেডের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে আছে।
.png)
লুটন টাউনের মাঠ কেনিলওয়ার্থ রোডে দর্শকেরা কোনো কিছু বুঝে ওঠার আগেই এগিয়ে যায় ইউনাইটেড। কাসেমিরোর লম্বা শটে লুটন ডিফেন্ডার আমিরি বেল শুরুতেই বলের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হলে তা পেয়ে যান হয়লুন্দ।
কিছু দূর এগিয়ে গিয়ে বাঁ পায়ের জোরালো শটে লুটনের জাল কাঁপান হয়লুন্দ। ম্যাচের বয়স তখন মাত্র ৩৭ সেকেন্ড! তার এই গোলেই হয়েছে রেকর্ড। প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে কম ২১ বছর ১৪ দিন বয়সে টানা ৬ ম্যাচে গোলের কীর্তি গড়েছেন তিনি।
এর মাধ্যমে হয়লুন্দ ভেঙেছেন নিউক্যাসল ইউনাইটেডের জো উইলককের রেকর্ড। ইংলিশ মিডফিল্ডার উইলকক ২০২০-২১ মৌসুমে নিউক্যাসলের হয়ে টানা ৬ ম্যাচে গোল করেছিলেন। সে সময় তার বয়স ছিল ২১ বছর ২৭২ দিন।