ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টাকার জন্য যে কাজ করেন স্মিথ, জনসনের বিস্ফোরক দাবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
টাকার জন্য যে কাজ করেন স্মিথ, জনসনের বিস্ফোরক দাবি
স্টিভেন স্মিথ

দিন কয়েক আগেই ডেভিড ওয়ার্নারকে নিয়ে বিতর্কিত মন্তব্যে আলোচনায় এসেছিলেন মিচেল জনসন। এবার অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভ স্মিথকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক এই অজি পেসার। জনসন মনে করেন, টাকার জন্য বর্তমানে টি-২০ খেলে যাচ্ছেন স্মিথ।

গত কয়েক বছর ধরেই জাতীয় দলে টি-২০তে ভালো করতে পারছেন না অজি ব্যাটার স্টিভেন স্মিথ। সদ্য শেষ হওয়া কিউইদের বিপক্ষে টি-২০ সিরিজে দুই ম্যাচ খেলে করেছেন যথাক্রমে ১১ ও ৪ রান। তাকে নিয়ে নির্বাচকরাও সন্তুষ্টিতে নেই।

অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যানের আসন্ন টি-২০ বিশ্বকাপের দলে জায়গা হবে কিনা, এমন প্রশ্নের মধ্যেই তার দিকে তির ছুড়লেন স্মিথের সাবেক সতীর্থ মিচেল জনসন। স্মিথের টি-২০ ছেড়ে টেস্ট ও ওয়ানডেতে মনযোগী হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন সাবেক এ ক্রিকেটার।

Advertisement

স্মিথের টি-২০তে সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য নাইটলি’র এক কলামে জনসন লিখেছেন, ‘আমি ভাবছি, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট সত্যিই সে খেলতে চায় কিনা। টেস্ট ক্যারিয়ার শেষে অবশ্যই সে বিশ্বের বিভিন্ন লিগে খেলবে। আর সেই কারণেই আন্তর্জাতিক ফরম্যাটে পারফর্ম করাটাই ওর লক্ষ্য। বিশ্বকাপকেও তাই বেছে নিতে চাইছে। যাতে বিভিন্ন লিগে খেলে বড় টাকার চেক পেতে পারে।’

টি-২০তে ওপেনিংয়ে ভালো করতে পারছেন না স্মিথ। আর বিশ্বকাপে দলে জায়গা পেতে হলে ওপেনিং ছাড়া স্মিথের কোন জায়গা দেখছেন না জনসন। তিনি তার কলামে লিখেছেন, ‘এটা (স্মিথ ওপেন করলে) ওকে উইকেটে থিতু হতে যথেষ্ট সময় দেবে।।’

তিনি আরো লেখেন, ‘যদি টিকে যায়, তাহলে মাঠের সবদিকেই মারতে পারবে। যেহেতু অস্ট্রেলিয়ার বিস্ফোরক ব্যাটিং লাইনআপ আছে, তাই ওপেনিংই স্মিথের জন্য মানানসই হতে পারে। তবে বিশ্বকাপ দলে জায়গা করে নিতে হলে ওকে ধারাবাহিকভাবে রান করতে হবে।’

জনসন মনে করেন, টি-২০ ছেড়ে তার ওয়ানডে ও টেস্টে মনোযোগ দেয়া উচিত। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে ব্যর্থ হওয়ার পর স্মিথ নিজেও স্বীকার করেছেন বিশ্বকাপের চূড়ান্ত দলে হয়তো তার জায়গা হবে না।

৬৭টি আন্তর্জাতিক টি-২০ খেলা স্মিথের রান ১০৯৪। যেখানে রয়েছে পাঁচটি অর্ধশতক। তবে স্ট্রাইক রেট (১২৫) তার তেমন ভালো নয়। আর যার কারণে আসন্ন বিশ্বকাপের জন্য তার দলে জায়গা পাওয়া নিয়ে শুরু হয়েছে নানা প্রশ্ন। আগামী ১ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ।   

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!