ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লঞ্চে করে যেদিন বরিশাল যাবে বিপিএল ট্রফি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৩, ৪ মার্চ ২০২৪
লঞ্চে করে যেদিন বরিশাল যাবে বিপিএল ট্রফি
ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসর মাঠে গড়ায় ২০১২ সালে। চলতি বছর অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টটির দশম আসর। গত এক যুগে বিপিএলের মতো অনেক কিছুতে এসেছে পরিবর্তন। পদ্মার পাড়ে লঞ্চ-স্টিমার-ফেরির দাপট কমিয়েছে পদ্মা সেতু। পরিবর্তন এসেছে বরিশালের ফ্র্যাঞ্চাইজি নামেও। 

বরিশাল বার্নার্স থেকে বরিশাল বুলস হয়ে নামের আগে এসেছে ফরচুন। আগের নয় আসরে ছয়বার অংশ নিয়ে তিনবার ফাইনালও খেলেছে তারা। কিন্তু দলটির ভাগ্য বদলায়নি। অবশেষে টুর্নামেন্টটির দশম আসরে তামিম ইকবালের হাত ধরে বিপিএল চ্যাম্পিয়ন হলো বরিশাল।

এলিমিনেটর থেকে কোয়ালিফায়ার। টানা তিন জয়ে নিজেদের প্রথম শিরোপা ঘরে তুলেছে দলটি। অথচ শুরুর ব্যর্থতায় এই দলটাকেই অনেকে কটাক্ষ করেছেন বুড়োদের দল বলে। সেই বুড়োরাই ইয়াংদের হারিয়ে শিরোপা উন্মাদনায় মেতেছে।

Advertisement

নিজেদের প্রথম শিরোপা জয়ের স্মৃতি অমলিন করতে এবং ঐতিহ্য ধরে রাখতে লঞ্চের ডেকে করে বিপিএলের ট্রফি বরিশালে নেয়ার পরিকল্পনা করেছেন ফরচুন চেয়ারম্যান মিজানুর রহমান। একই সঙ্গে তিনি তারিখও জানিয়ে দিয়েছেন।

রোববার (৩ মার্চ) বরিশালের শিরোপা উদযাপন প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, ‘সত্যি আমাদের স্বপ্ন সত্যি হয়েছে। আমরা চেষ্টা করেছি অনেকবার, চার বছর ধরে করে যাচ্ছি। একবার (২০১৯) পেয়েও পেলাম না অবশেষে আমরা এটা পেলাম। এটা দক্ষিণ বঙ্গের মানুষের জন্য প্রথম শিরোপা।’

ট্রফি নিয়ে বরিশাল যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘তামিম ইকবাল তার নিজস্ব কাজের জন্য ইউকেতে গেছেন। সম্ভবত ৭ বা ৮ তারিখে ফিরবেন। তিনি ৭ তারিখে আসলে আমরা ৮ বা ৯ তারিখে লঞ্চে করে যাওয়ার চিন্তা করবো। এটা আমাদের দক্ষিণ বঙ্গের জন্য একটা বড় পাওনা।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!