ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লজ্জার রেকর্ডে তামিমের পিছু নিয়েছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩১, ১৫ মার্চ ২০২৪
লজ্জার রেকর্ডে তামিমের পিছু নিয়েছেন লিটন
লিটন দাস

ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। এরই মধ্যে টি-২০ সিরিজ অনুষ্ঠিত হয়েছে। আজ মাঠে গড়িয়েছে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। তবে এখন পর্যন্ত ব্যাট হাতে স্রেফ নিজের ছায়া হয়ে আছেন টাইগার ওপেনার লিটন দাস।

চলমান ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচে ডাক মেরেছেন লিটন। এ নিয়ে টানা দ্বিতীয় ওয়ানডেতে ক্ল্যাসিকাল এই ব্যাটসম্যান আউট হয়েছেন শূন্য রানে। যা তার ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ঘটনা। 

এর আগে গত বছর ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে পরপর দুই ম্যাচে এমন তিক্ত স্বাদ পেয়েছিলেন লিটন। কেবল তাই নয়, টাইগার এই ওপেনার ৯১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারেও শূন্য রানে আউট হওয়া ব্যাটসম্যানদের তালিকায় আছেন ওপরের দিকে। 

Advertisement

লঙ্কানদের বিপক্ষে এদিন ম্যাচের তৃতীয় ডেলিভারিতে দিলশান মাদুশাঙ্কার বলে ওয়েল্লালাগের তালুবন্দী হন লিটন। এতে দলীয় রানের খাতা খোলার আগেই তিনি আরেকবার বিপর্যয়ের শুরুটা করে দিয়ে গেলেন। 

ওয়ানডেতে শূন্য রানে আউট হওয়া বাংলাদেশি ব্যাটসম্যানদের তালিকায় লিটন আছেন চার নম্বরে। এই সংস্করণে ৯১তম ম্যাচ খেলা লিটন আজ মেরেছেন ১৪তম ‘ডাক’। আর এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেলেন মোহাম্মদ আশরাফুলকে। ওয়ানডেতে তার ডাক ছিল ১৩টি।

টাইগারদের মধ্যে সর্বোচ্চ শূন্য করার দিক থেকে সবার ওপরে আছেন তামিম ইকবাল। ২৪৩ ওয়ানডেতে তিনি ১৯ বার শূন্য রানে আউট হয়েছেন। আন্তর্জাতিক ম্যাচে সবমিলিয়ে সর্বোচ্চ ডাক খাওয়া দেশীয় ক্রিকেটারদের মধ্যেও দেশসেরা এই ওপেনার আছেন শীর্ষে। সর্বমোট ৩৯১ ম্যাচে তার ডাকসংখ্যা ৩৬টি।

ওয়ানডেতে লজ্জার এই রেকর্ডে তামিমের পরের অবস্থানে আছেন হাবিবুল বাশার (১৮) এবং মাশরাফী বিন মোর্ত্তজা ও মোহাম্মদ রফিক (দুজনই ১৫)।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!