গার্দিওলা স্বীকার করেছেন টানা দ্বিতীয় মৌসুমে সিটির ট্রেবল জয়ের লড়াইয়ে ডি ব্রুইনের ইনজুরি বড় দু:শ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ মাসের শেষে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে বেলজিয়ামের আসন্ন প্রীতি ম্যাচ থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন ডি ব্রুইন।
বেলজিয়াম জাতীয় দলের চে ডোমেনিকো টেডেসকোর দাবী, গত কয়েক ম্যাচ যাবত ডি ব্রুইন এই ইনজুরি সমস্যায় ভুগছেন। তবে সিটি বস গার্দিওলা বলেছেন গত সপ্তাহে লিভারপুলের সাথে প্রিমিয়ার লিগে ১-১ গোলের ড্রয়ের ম্যাচটিতে ডি ব্রুইনকে দ্বিতীয়ার্ধে বদলী বেঞ্চে পাঠানোর পর তিনি এই ইনজুরির বিষয়টি সম্পর্কে জানতে পারেন।
.png)
গত আগস্টে বার্নলির বিপক্ষে সিটির মৌসুম শুরুর ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে এবারের আসরের প্রায় বেশীরভাগ ম্যাচই মাঠের বাইরে কাটিয়েছেন ডি ব্রুইন। ইতিহাদ স্টেডিয়ামে নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে তিনি দল থেকে ছিটকে গেছেন।
আগামী ৩১ মার্চ লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি থাকবেন কিনা এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি গার্দিওলা।
এ সম্পর্কে গার্দিওলা শুক্রবার সাংবাদিকদের বলেছেন, ‘এরই মধ্যে অ্যানফিল্ডে কিছু সমস্যা নিয়ে সে খেলেছে। কিন্তু ধীরে ধীরে সে সুস্থ হয় উঠছে। নিউক্যাসলের বিপক্ষে ম্যাচের জন্য ডি ব্রুইন প্রস্তুত নয়।
আমরা বিষয়টি নিয়ে বেলজিয়ামের কোচের সাথে কথা বলেছি। তিনিও তাকে বিশ্রাম দেবার সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে আমি তার কাছে কৃতজ্ঞ। কারন সে খুব একটা ভাল অনুভব করছে না।
আশা করছি মৌসুমে শেষ সময়টা সে সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবে। এখনকার আধুনিক ফুটবলে কোন ফুটবলারই শতভাগ ফিট ধাকে না। সবসময়ই তাদের কিছু না কিছু সমস্যা লেগেই থাকে। যেকোন ম্যাচের পরদিনই তারা খুব একটা সুস্থ বোধ করে না।’
শুধুমাত্র ডি ব্রুইন নয়। ব্রাজিল গোলরক্ষক এডারসনও পেশীর ইনজুরির কারনে এফএ কাপে ম্যাচ খেলতে পারছেন না। লিভারপুলের বিপক্ষে পেশীর ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন এডারসন।