সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বোলিং তোপে প্রথম ইনিংসে ২৮০ রানে গুটিয়ে গেছে শ্রীলংকা। টাইগারদের হয়ে তিনটি করে উইকেট শিকার করেছেন খালেদ আহমেদ ও অভিষিক্ত নাহিদ রানা।
শুকবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এতে আগে ব্যাট করতে নামে শ্রীলংকা। দলটির হয়ে ইনিংস উদ্ধোধনে নামেন নিশান মাদুস্কা ও দিমুথ করুণারত্নে। তবে শুরুতেই এ জুটিতে আঘাত হানেন টাইগার পেসার খালেদ আহমেদ।
.png)
ম্যাচের দ্বিতীয় ওভারেই মাদুস্কাকে সাজঘরের পথ দেখান খালেদ। পরে ক্রিজে এসে করুণারত্নের সঙ্গে ছোট জুটি গড়েন কুশল মেন্ডিস। কিন্তু ভয়ংকর হয়ে ওঠার আগে এ জুটিও ভাঙেন খালেদ।
১২তম ওভারে এক্সট্রা বাউন্সে মেন্ডিসকে জাকিরের তালুবন্দী করেন খালেদ। আউট হওয়ার আগে ১৬ রান করেন ডানহাতি এ ব্যাটার।
উইকেটে এসে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ (৫) ও দিনেশ চান্দিমাল (৯)। দুর্দান্ত এক থ্রোতে ম্যাথিউজকে রান আউট করেন শান্ত। আর শরিফুলের পেসে পরাস্ত হন চান্দিমাল। অবশ্য অবিশ্বাস্য এক ক্যাচে তাকে তালুবন্দী করেছেন মিরাজ।
পরে উইকেটে এসে প্রতিরোধ গড়েন কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা। এ জুটির ব্যাট থেকে আসে ২০২ রান। সেই সঙ্গে দুজনেই সেঞ্চুরি করেছেন। যদিও শতকের ইনিংস লম্বা করতে পারেননি তারা। তাদের দুজনকেই সাজঘরের পথ দেখিয়েছেন অভিষিক্ত নাহিদ রানা।
এরপর শুধু আসা-যাওয়ার মধ্যে ছিলেন লঙ্কান ব্যাটাররা। শেষ পর্যন্ত ২৮০ রানেই থেমেছে ক্রিস সিলভারউডের শিষ্যরা। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন খালেদ ও রানা। এছাড়াও একটি করে উইকেট নিয়েছেন শরিফুল এবং তাইজুল ইসলাম।