জার্মানির ইতিহাসে উইর্টজের দ্রুততম গোল, হারলো ফ্রান্স
গ্রুপামা স্টেডিয়ামে মাত্রই খেলা শুরুর বাঁশি বাজিয়েছেন রেফারি। স্টেডিয়ামের ফাঁকা আসনে পূরণ করছেন দর্শকরা। এরই মধ্যে দেখা গেলো বল ঠাঁই নিয়েছে স্বাগতিক ফ্রান্সের জালে। কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই গোল হজম করে বসলো কিলিয়ান এমবাপ্পের দল।
ম্যাচ শুরুর ৭ সেকেন্ডের মাথায় ফ্রান্সের জালে বল জড়িয়েছেন জার্মানির ২০ বছর বয়সী স্ট্রাইকার ফ্লোরিয়ান উইর্টজ। বাকি একটি গোল আসে কাই হাভার্টজের কাছ থেকে। শেষ পর্যন্ত ২-০ গোলে স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে ঘরে ফিরলো জার্মানরা।
ইউরো চ্যাম্পিয়নশিপের আগমুহূর্তে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার এই জয়টা জার্মানির খুব প্রয়োজন ছিল। সেটিও আবার ফ্রান্সের মত শক্তিশালী দলের বিপক্ষে।
.png)
এদিকে অবসর ঘোষণার তিন বছর পর ফিরে এসেই জার্মানির জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখলেন রিয়াল মাদ্রিদ তারকা টনি ক্রুস। তার বাড়িয়ে দেওয়া লম্বা পাসটিই সাত সেকেন্ডের মধ্যে ফ্রান্সের জালে পাঠিয়ে দেন উইর্টজ।
জার্মানির ফুটবল ইতিহাসে উইর্টজের এই গোলটাই সবচেয়ে দ্রুততম। এর আগে লুকাস পোডলস্কিও সাত সেকেন্ডে গোল করেছিলেন, ২০১৩ সালে ইকুয়েডরের বিপক্ষে। তবে ভগ্নাংশের হিসেবে পিছিয়ে রইলো পোডলস্কির গোল। উইর্টজের গোল চলে এসেছে এক নম্বরে।