সামনে আমরা আরো ভালো করব: শান্ত
শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। লংকানদের ছুঁড়ে দেওয়া ৫১১ রানের পাহাড়সম লক্ষ্যের বিপরীতে টাইগারদের ইনিংস গুটিয়ে গেছে ১৮২ রানে। সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশের হারের ব্যবধান ৩২৮ রান।
ম্যাচজুড়ে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন স্বাগতিক দলের ব্যাটাররা। দলের অভিজ্ঞ ক্রিকেটাররাই দর্শকদের বেশি হতাশ করেছেন। এমন হারের পর লংকান দুই সেঞ্চুরিয়ানকে কৃতিত্ব দিচ্ছেন টাইগার অধিনায়ক।
প্রথম টেস্ট হারের পর ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে নাজমুল হোসেন শান্ত বলেন, ধনঞ্জয় এবং কামিন্দু যেভাবে ব্যাটিং করেছে তা দুর্দান্ত ছিল। একই সঙ্গে আমাদের বোলাররাও যেভাবে বোলিং করেছে তা দুর্দান্ত ছিল। উইকেট ভালো ছিল।
.png)
শান্ত ব্যাটিংয়ে উন্নতির জন্য তাগিদ দিয়ে বলেন, আমাদের নতুন বলের ব্যাটিং আরো উন্নতি করতে হবে। পরের টেস্টের আগে এটা নিয়ে অনেক কাজ করতে হবে। যখন চট্টগ্রামে যাব পরিকল্পনা থাকবে তখন এবং আশা করি, আমরা আরো ভালো করব।
চাপের মধ্যেও দ্বিতীয় ইনিংসে একাই লড়েছেন মুমিনুল হক। অপরাজিত থেকেছেন ৮৭ রানে। তাকে নিয়ে শান্ত বলেন, তিনি চাপের মধ্যে একটি অসাধারণ নক খেলেছেন। আশা করি সামনেও দলের জন্য এভাবেই ধারাবাহিকতা বজায় রাখবেন।