আগামী জুনে যুক্তরাষ্ট্র ও উইন্ডিজের মাটিতে গড়াবে টি-২০ বিশ্বকাপ। এর আগে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। সিরিজটিকে ঘিরে এরই মধ্যে সূচি ঘোষণা করা হয়েছে।
এদিকে বাংলাদেশকে আতিথেয়তা দেওয়ার আগে কানাডার বিপক্ষে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। এই সিরিজের জন্য ডাক পেয়েছেন কোরি অ্যান্ডারসন।
.png)
২০১৮ সালের নভেম্বরে সর্বশেষ নিউজিল্যান্ডের হয়ে খেলেন অ্যান্ডারসন। এরও বছর চারেক আগে ২০১৪ সালে ৩৬ বলে দ্রুততম সেঞ্চুরি করেন তিনি, উইন্ডিজের বিপক্ষে। এর মধ্য দিয়ে শহিদ আফ্রিদির ৩৭ বলের সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেন এ অলরাউন্ডার।
কানাডার বিপক্ষে টি-২০০ সিরিজ দিয়ে প্রায় সাড়ে পাঁচ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন অ্যান্ডারসন। ১৫ সদস্যের ঘোষিত দলে অ্যান্ডারসন ছাড়াও আছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা হারমিত সিং, আইপিএলে দিল্লী ও আরসিবির হয়ে খেলা নিতিশ কুমার। তবে ডাক পাননি ভারতকে যুব বিশ্বকাপ জেতানো উন্মুক্ত চাঁদ।
আগামী ৭ এপ্রিল শুরু হবে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার ৫ ম্যাচের টি-২০ সিরিজ। এ সিরিজের পর বাংলাদেশকে আতিথেয়তা দিবে যুক্তরাষ্ট্র। মে মাসে বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-২০ খেলবে আসন্ন টি-২০ বিশ্বকাপের স্বাগতিকরা। দুই সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে প্রাইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে।
যুক্তরাষ্ট্র দল: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স, কোরি অ্যান্ডারসন, গজানন্দ সিং, জেসি সিং, সৌরভ নেত্রবলকর, নিসর্গ প্যাটেল, স্টিভেন টেলর, আন্দ্রিয়েস গাউস, হারমিত সিং, শ্যাডলি ভন স্কালকুইক, নস্তুশ কেনজিগে, মিলিন্দ কুমার, নিতিশ কুমার এবং উসমান রফিক।