তাসকিনের বাউন্সারে হাসপাতালে আল-আমিন
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি আবাহনী। ম্যাচটিতে তাসকিন আহমেদের বলে মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন গাজী গ্রুপের আল-আমিন জুনিয়র। এরপরেই হাসপাতালে নেয়া হয়েছে তবে।
যদিও আল-আমিনের চোট কতটা গুরুত্বর, তা এখনও জানা যায়নি। সিটি স্ক্যানের পর বিস্তারিত জানা যাবে।
শনিবার বিকেএসপির তিন নম্বর মাঠে আবাহনীর বিপক্ষে নামে গাজী গ্রুপ। ম্যাচের একপর্যায়ে বল হাতে আক্রমণে আসেন তাসকিন আহমেদ। এ সময়ে তার হালকা লাফিয়ে উঠা একটি বল ব্যাটিংয়ে থাকা আল-আমিনের মাথায় লাগে। বলটি মূলত ছেড়ে দিতে চেয়েছিলেন এই ব্যাটার। তাতে ব্যর্থ হলে বলটি তার মাথায় আঘাত করে। মুহূর্তেই মাটিতে হাঁটু গেড়ে বসে পড়েন আল-আমিন।
সঙ্গে সঙ্গে ফিল্ডিং দলও দৌড়ে এসে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। তবে সুস্থবোধ না করায় কিছুক্ষণ পর সতীর্থদের সহায়তায় মাঠ ছাড়েন আল-আমিন। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
এর আগে, বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে ৪৯ ওভার করা হয়। তবে পুরোটা সময় ব্যাট করতে পারেননি গাজী গ্রুপ। ৪৪ দশমিক ৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৪ রানের পুঁজি পেয়েছে দলটি। আবাহনীর হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেছেন সাইফউদ্দিন, তাসকিন ও তানভীর।