আসন্ন টি-২০ বিশ্বকাপের ভিসা সংক্রান্ত কাজে আইপিএলের মাঝপথে দেশে ফেরেন মুস্তাফিজ। তার অবর্তমানে শুক্রবার রাতে হায়দরাবাদের কাছে হেরেছে চেন্নাই।
ম্যাচ শেষে মুস্তাফিজ ও শ্রীলংকান পেসার মাথিসা পাথিরানার বোলিং সার্ভিস ‘মিস’ করার কথা জানিয়েছেন চেন্নাইয়ের কোচ স্টিভেন ফ্লেমিং। তিনি বলেন, মুস্তাফিজের না থাকায় বোলিংয়ে পিছিয়ে ছিল তার দল।
.png)
মুস্তাফিজকে নিয়ে ফ্লেমিং বলেন, ‘সন্দেহাতীতভাবে এটা আইপিএলের অংশ। সে (মুস্তাফিজ) এখানে নেই। ফলে তাকে ব্যবহার করতে পারিনি। কিন্তু ইনজুরি কিংবা খেলোয়াড়দের না পাওয়া খেলারই অংশ।’
গতকাল হায়দরাবাদের বিপক্ষে তাদেরই ঘরের মাঠে আগে ব্যাট করে ১৬৬ রানের লক্ষ্য দিয়েছিল চেন্নাই। লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট ও ১১ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে হায়দরাবাদ।
উল্লেখ্য, চেন্নাইয়ের জার্সিতে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৭ উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজ। আগামী ৮ এপ্রিল ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলবে চেন্নাই। এই ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে কাটার মাস্টারের।