টি-২০ বিশ্বকাপের থিম সং গেয়েছেন যারা
আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাঠে গড়াবে টি-২০ বিশ্বকাপ। সেই হিসেবে সীমিত ওভারের বিশ্বকাপটি শুরু হতে দুই মাসও সময় নেই। বিশ্বকাপকে ঘিরে এরই মধ্যে প্রস্তত হতে শুরু করেছে দলগুলো। টুর্নামেন্ট আয়োজকদেরও ব্যস্ততার শেষ নেই।
টুর্নামেন্টের নিয়মানুযায়ী, একটি থিম সং বানানোর কাজ চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শুক্রবার রাতে সেই থিম সং এর একটি টিজার বের করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
তবে টিজার প্রকাশিত হলেও গানটি প্রকাশ হতে আরো সময় লাগবে। আইসিসির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আর কয়েক সপ্তাহের মধ্যেই গানটি প্রকাশিত হবে।
.png)
টি-২০ বিশ্বকাপের থিম সং গেয়েছেন দুজন শিল্পী। তাদের একজন হলেন গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী জামাইকান সংগীতশিল্পী সিন পল। অন্যজন ত্রিনিদাদের সোকা সুপারস্টার কেস।
এই গানটি প্রযোজনা করেছেন মাইকেল ত্যানো মন্টানো। গানের ভিডিওতে থাকছেন বেশ কিছু পরিচিত সুপারস্টাররাও।
বিশ্বকাপের থিম সং নিয়ে গায়ক পল বলেন, ‘ক্রিকেট সবসময়ই আমাদের সংস্কৃতির একটি প্রধান অংশ। তাই আমি টি-২০ বিশ্বকাপের থিম সং রেকর্ড করতে পেরে সম্মানিত। আমি কেসের একজন বড় ভক্ত এবং কিছু নাচের সাথে গানটি ক্যারিবিয়ান সংস্কৃতির একটি চমৎকার প্রদর্শনী করবে, অবশ্যই সাথে আন্তর্জাতিক আবহ এবং সোকার স্পর্শ থাকবে। এটি মানুষের জন্য গান গাওয়া এবং ভেতর থেকে আনন্দ অনুভবের উপলক্ষ হয়ে আসবে।’
কেস বলেন, ‘আমাদের লক্ষ্য সর্বদা বিশ্বকে একত্রিত করা। তাই ক্রিকেটকে গানের সাথে মিশ্রিত করা। এই সঙ্গীতের স্পন্দন তৈরি করার জন্য শন পল, তানো এবং পুরো দলকে উৎসাহ দিন। আশা করছি, বিশ্বব্যাপী সবাই এই গানটি গাইবেন এবং ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামে পার্টি করবেন। পুরো ব্যাপারটি নিয়ে আমার তর সইছে না।’
থিম সং নিয়ে আইসিসির মহাব্যবস্থাপক ফারলং বলেন, ‘আমরা বিশ্বব্যাপী স্বীকৃত দুই শিল্পীকে যারা নিজেদের জনরায় শীর্ষে রয়েছে, তাদেরকে (শন পল ও কেস) পেয়ে আনন্দিত । আমাদের টুর্নামেন্টের সংগীত এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্রিকেট উৎসব দর্শনের সুর তৈরি করবে। সমর্থকরা এমন একটি গান আশা করতে পারেন যা ক্যারিবিয়ান পরিচয়কে প্রতিফলিত করবে।’