ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দলকে চ্যাম্পিয়ন বানিয়ে জাভি বললেন, ‘অনুভূতি অবিশ্বাস্য’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১৩, ১৫ এপ্রিল ২০২৪
দলকে চ্যাম্পিয়ন বানিয়ে জাভি বললেন, ‘অনুভূতি অবিশ্বাস্য’
ছবি- সংগৃহীত

বে অ্যারেনায় খেলা শেষ হতে তখনো বাকি ১০ মিনিট। মাঠের প্রান্তে গ্যালারির সবগুলো গেট খুলে দেওয়া হলো সমর্থকদের জন্য। এর মিনিটখানেকের মাথায় গোল উদযাপনে সামিল হতে কিছু সমর্থক আবার মাঠেও ঢুকে পড়েন। তাদের চোখেমুখে সেই উচ্ছ্বাস, সেই আনন্দ, সেই উৎকণ্ঠাই বলে দিচ্ছিলেন আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন তকমা পেতে কতটা ব্যাকুল হয়ে আছেন তারা। রেফারির শেষ বাঁশি বাজার পর তাদের আর পায় কে!

উৎসবের শুরুটা অবশ্য অনেক আগে থেকেই। অপেক্ষা ছিল কেবল একটা জয়ের। ঘরের মাঠ বে অ্যারেনায় সেই জয় এল বেশ সহজেই। এই মৌসুমের পাঁচ ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করেছে লেভারকুসেন। যা তাদের ক্লাবের ১২০ বছরের ইতিহাসে শীর্ষ লিগে এটিই প্রথম শিরোপা। যদিও এর আগে পাঁচবার ফাইনালে উঠেছিল তারা। কিন্তু শিরোপা স্পর্শ করতে পারেনি, প্রতিবারই রানার্সআপ হয়েছে।

অপরদিকে লিগ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখের পয়েন্ট সমান ম্যাচে ৬৩। দুই দলের ব্যবধান ১৬ পয়েন্ট। স্বাভাবিকভাবেই পরের পাঁচ ম্যাচে হারলেও শীর্ষেই থাকবেই জাভি আলোনসোর শিষ্যরা। ভেরডার ব্রেমেনকে ৫-০ গোলে উড়িয়ে মৌসুমের ৫ ম্যাচ হাতে রেখেই জার্মান বুন্দেসলিগার চ্যাম্পিয়ন হয়েছে বায়ার লেভারকুসেন।

Advertisement

২০২২ সালের অক্টোবরে যখন বায়ার লেভারকুসেনের দায়িত্ব নিয়েছিলেন জাভি আলোনসো তখন দলটি অবনমন অঞ্চলে লড়াই করছিল। সেখান থেকে আলনসোর অধীনে মৌসুম শেষে লেভারকুসেন শেষ করেছিল ছয়ে থেকে। 

এবার তো শুরু থেকেই চমক দিয়ে আসছিল দলটি। বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করে আসছিল দলটি। শেষ পর্যন্ত লিগে ২৯ ম্যাচ অপরাজিত থেকে  পাঁচ ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করেছে লেভারকুসেন।

২০২২ সালে লেভারকুসের দায়িত্ব নিলেও সেবার মৌসুমের বাকি অংশ দায়িত্ব পালন করেন আলনসো। সেক্ষেত্রে এবারই লেভারকুসেনে পুরো মৌসুম কাজ করার সুযোগ পান তিনি। আর প্রথমবারেই ক্লাবটিকে শিরোপা এনে দিতে পারায় ভীষণ খুশি আলোনসো, ‘আজ (গতকাল) আমরা পরিবার, বন্ধু ও সমর্থকদের নিয়ে উপভোগ করব। কোচ হিসেবে এখানে এটাই আমার প্রথম পুরো একটি মৌসুম। অনুভূতি অবিশ্বাস্য।’

ভেরডার ব্রেমেনের বিপক্ষে হ্যাটট্রিক করে আলো ছড়ানো ফ্লোরিয়ান ভাইরটজ এখনো ঘোরের মধ্যেই আছেন, ‘আমি এখনো বুঝতে পারছি না কি ঘটেছে। আমার কিছু সময় দরকার ড্রেসিং রুমে ফিরে গিয়ে বুঝতে হবে কি অর্জন করেছি।’

এ মৌসুমে আর্সেনাল থেকে লেভারকুসেনে যোগ দেওয়া গ্রানিত জাকা বলছেন, ‘মৌসুমের শুরুতে ভাবিনি যে এমন কিছু করে দেখাতে পারব।’

এদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচ ধরে অপরাজিত রয়েছে লেভারকুসেন। তাদের সামনে সুযোগ আছে আরো দুটি শিরোপা ঘরে তোলার। এরই মধ্যে জার্মান কাপের ফাইনালে উঠেছে তারা। আর ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ওয়েস্ট হামকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের পথেই আছে জাভি আলোনসোর দল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!