ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
লা লিগার যে কমতিকে অপমানজনক বললেন জাভি
রোববার এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে ৩-২ গোলে হারের পর ক্ষুদ্ধ বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। তিনি বলেছেন, লা লিগায় গোল লাইন প্রযুক্তি না থাকাটা সত্যিই অপমানজনক।
কর্নার থেকে লামিন ইয়ামালের শট মাদ্রিদ গোলরক্ষক আন্দ্রি লুনিন অনেকটাই পোস্টের ভিতর থেকে রক্ষা করেন। কিন্তু কোন ধরনের গোল লাইন প্রযুক্তি না থাকায় বলটি শেষ পর্যন্ত গোললাইন অতিক্রম করেছিল কি না তা নিয়ে শঙ্কা দেখা দেয়।
বার্সেলোনা অবশ্য এর বিরুদ্ধে জোর প্রতিবাদ জানিয়েছে। তাদের দাবি, বলটি গোললাইন অতিক্রম করেছিল। কিন্তু ভিএআর তাদের দাবী নাকচ করে দেয়। ঐ সময় ম্যাচের স্কোর ছিল ১-১। এ ব্যাপারে ম্যাচ শেষে অভিযোগ করেন জাভি।
তিনি বলেন, ‘বিষয়টি অপমানজনক। প্রিমিয়ার লিগ কিংবা লা লিগার মত শীর্ষ লিগগুলোতে এই ধরনের প্রযুক্তি না থাকা মেনে নেয়া যায় না। আমরা যদি বিশ্বের সেরা লিগ খেলার দাবি করে থাকি তবে আমাদের আধুনিক প্রযুক্তির শতভাগ ব্যবহার নিশ্চিত করতে হবে।’
বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগানও কোচের এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, ‘এটা ফুটবলের জন্য লজ্জাজনক। আমার বলার কোন ভাষা নেই। বিশ্বে সবার কাছেই অর্থ আছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্য কোন অর্থ নেই।’
জাভি আরো বলেন, ‘আমাদের অবশ্যই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। মাদ্রিদ একটি অসাধারণ ম্যাচ খেলেছে। প্রায় শিরোপার কাছাকাছি পৌঁছে গেছে তারা। আমি মনে করি আজ আমাদের জয়ী হওয়া উচিৎ ছিল। তিন পয়েন্ট আমাদের প্রাপ্য ছিল।’
এদিকে ম্যাচ জিতে মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি বলেন, ‘আমি সত্যিই দারুণ গর্বিত। আমরা পরপর দুটি বড় ম্যাচ খেলেছি। এখন আমাদের মৌসুমের শেষ অংশের জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা এই মুহূর্তে অনেকটাই স্বস্তিদায়ক অবস্থানে আছি।’