আম্পায়ার ওয়াইড দিলেন। দয়ালের সেই সিদ্ধান্ত পছন্দ হলো না। আইপিএলে ওয়াইড বা নো বল করলে রিভিউ নেয়া যায়। অধিনায়ক ফাফ ডু প্লেসি যদিও আমল দিলেন না। তবে নতুন এই নিয়মের কারণে সময় নষ্ট হচ্ছে বলে মনে করছেন সুনীল গাভাস্কার।
আইপিএলে রাতের ম্যাচগুলো শুরু হচ্ছে স্থানীয় সময় সন্ধ্যা ৭.৩০ থেকে। শেষ হতে হতে রাত ১১.৩০ বেজে যাচ্ছে। অর্থাৎ প্রায় ৪ ঘণ্টা সময় লাগছে একটি টি-২০ ম্যাচ শেষ করতে। ধারাভাষ্য দেওয়ার সময় এ নিয়ে বিরক্তি প্রকাশ করেন গাভাস্কার।
.png)
তিনি বলেন, টি-২০ ক্রিকেট মানে গতি। দ্রুত ম্যাচ শেষ হয়ে যাওয়া। আর সেখানে এই ওয়াইডের রিভিউয়ের কারণে সময় নষ্ট হচ্ছে। মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই মেনে নেওয়া উচিত। ওয়াইড দিলে ওয়াইড, না দিলে নয়। এতো রিভিউ নেয়া মানে খেলার স্বাভাবিক ছন্দ নষ্ট।
গত বছর আইপিএল থেকেই ওয়াইড এবং নো বলে রিভিউ নেওয়ার নিয়ম করা হয়েছে। গাভাস্কারের মতে ওয়াইড বা নো বলের রিভিউ তখনই নেয়া উচিত, যখন আউটের সম্ভাবনা রয়েছে। অন্যথায় মাঠের সিদ্ধান্তকেই মেনে খেলা চালিয়ে যাওয়া ভাল।
টি-২০ ক্রিকেটে প্রতি ইনিংসে একটি দল দু’টি করে রিভিউ নেয়ার সুযোগ পায়। যে দল রিভিউ নিয়েছে, তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত তাদের পক্ষে গেলে বার বার রিভিউ নেয়া যায়। কিন্তু ভুল হলে দু’টির বেশি রিভিউ নিতে পারবে না একটি দল।
গাভাস্কার মনে করেন আউটের ক্ষেত্রেই শুধু এই রিভিউ ব্যবহার করা উচিত। তিনি বলেন, ওয়াইডের জন্য রিভিউ নেয়া উচিত নয়। এটা রিভিউ নষ্ট করা। মাঠের আম্পায়ারের ১০ বারের মধ্যে ন’বারই সঠিক রায় দেন।