আফগানিস্তানের ঘোষিত ১৫ সদস্যের দলে অলরাউন্ডারই রয়েছেন ৬ জন। দলে সবচেয়ে বড় চমক দুই তরুণ- ১৯ বছর বয়সী মোহাম্মদ ইশাক ও ২০ বছর বয়সী নাঙ্গিয়াল খারোতি। ২০ বছর বয়সী অলরাউন্ডার খারোতি গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে ৫.৯০ ইকোনমিতে ৫ উইকেট নিয়েছিলেন।
সেই পারফরম্যান্স নির্বাচকদের মন জিতে নেয়ায় বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন খারোতি। অন্যদিকে চলতি বছর অভিষেক হয়েছে ১৯ বছর বয়সী ইশাকের। এখন পর্যন্ত ৪টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন তিনি। তাকে মূলত রহমানউল্লাহ গুরবাজের পর দ্বিতীয় পছন্দের উইকেটকিপার হিসেবে দলে নেয়া হয়েছে।
.png)
রশিদ খান ও নাঙ্গিয়াল খারোতির সঙ্গে দলের বাকি অলরাউন্ডার হলেন অভিজ্ঞ মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব ও করিম জানাত। পেস ইউনিটে নাভিন উল হক ও ফজলহক ফারুকির সঙ্গে রাখা হয়েছে ফরিদ মালিককে। স্পিনে মুজিব উর রহমানের সঙ্গে রয়েছেন নুর আহমেদ।
আগামী ১ জুন শুরু হচ্ছে এবারের টি-২০ বিশ্বকাপ। এবারের আসরে সি গ্রুপে রয়েছে আফগানরা। গ্রুপে অন্য দলগুলো হলো- নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, উগান্ডা ও ওয়েস্ট ইন্ডিজ। ৪ জুন নবাগত উগান্ডাকে দিয়ে শুরু হবে রশিদ-নবীদের বিশ্বকাপ অভিযান।
আফগানিস্তানের টি-২০ বিশ্বকাপ স্কোয়াড
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, নাঙ্গিয়াল খারোতি, নুর আহমেদ, নাভিন উল হক, ফজলহক ফারুকি, ফরিদ মালিক ও মুজিব উর রহমান।
রিজার্ভ খেলোয়াড়
হজরতউল্লাহ জাজাই, সেদিকউল্লাহ অটল ও সালিম সাফি।