২২ বছরের অপেক্ষা শেষে প্রিমিয়ার লিগে ইপ্সউইচ
হার্ডসফিল্ড টাউনের বিপক্ষে স্রেফ ড্র করলেই চলত ইপ্সউইচ টাউনের। তবে দারুণ ছন্দে থাকা দলটি আরো একবার নিজেদের মেলে ধরল। প্রতিপক্ষকে হারিয়েই দীর্ঘ ২২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে দলটি।
ইএফএল চ্যাম্পিয়নশিপের শেষ রাউন্ডের ম্যাচে শনিবার হার্ডসফিল্ডকে ২-০ গোলে হারিয়েছে ইপ্সউইচ। চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুটি দল সরাসরি প্রিমিয়ার লিগে উঠে যায়। ৪৬ ম্যাচে ৯৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লেস্টার সিটি আগেই জায়গা নিশ্চিত করেছে।
সমান ম্যাচে ৯৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ইপ্সউইচ। এর আগে ২০০১-০২ আসরে প্রিমিয়ার লিগ থেকে ইপ্সউইচের অবনমন হয়েছিল। এরপর থেকে আর ইংল্যান্ডের শীর্ষ প্রতিযোগিতায় ফিরতে পারছিল না তারা। দীর্ঘ দুই দশকের বেশি সময়ের অপেক্ষার অবসান হলো এবার।
.png)
গত মৌসুমে তৃতীয় স্তর থেকে চ্যাম্পিয়নশিপে জায়গা করে নেয় ইপ্সউইচ। অসাধারণ পথচলায় এবার তারা নিশ্চিত করল প্রিমিয়ারে খেলা। ২০১২ সালে সাউদাম্পটনের পর প্রথম কোনো ক্লাব পরপর দুই বছরে দুটি স্তর পার করে প্রিমিয়ার লিগে উঠল।
গত সপ্তাহে লেস্টার সিটি প্রিমিয়ারে ফেরা নিশ্চিত করে। এরপর আরেকটি জায়গার জন্য লড়ছিল ইপ্সউইচ ও লিডস ইউনাইটেড। সম্ভাবনায় বেশি এগিয়ে ছিল ইপ্সউইচ। তবে লিডস নিজেদের কাজটাও ঠিকঠাক করতে পারেনি।
শেষ রাউন্ডে সাউদাম্পটনের বিপক্ষে ২-১ গোলে হেরে ৯০ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে তারা। তবে লিডসের প্রিমিয়ার লিগে খেলার আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি। চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার তিন থেকে ছয় নম্বরে থাকা দলের জন্যও থাকে সুযোগ।
এই চার দিল নিয়ে হয় একটি ‘প্লে অফ’ টুর্নামেন্ট। সেখান থেকে জয়ী দল উঠে যায় প্রিমিয়ারে। ‘প্লে অফে’ নরউইচ সিটির মুখোমুখি হবে লিডস। আর ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের বিপক্ষে লড়বে সাউদাম্পটন।