ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বোল্টের চ্যালেঞ্জ গ্রহণ করে এমবাপ্পে বললেন, ‘জেতাটা সহজ হবে না’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৯, ৭ মে ২০২৪
বোল্টের চ্যালেঞ্জ গ্রহণ করে এমবাপ্পে বললেন, ‘জেতাটা সহজ হবে না’
ছবি- সংগৃহীত

ট্র্যাক এন্ড ফিল্ডের ইতিহাসের অন্যতম সেরা দৌড়বিদ উসাইন বোল্ট। ২০০৯ সালে বার্লিনে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৯ দশমিক ৫৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। যা এখন পর্যন্ত দ্রুততম সময়ে ১০০ মিটার দৌড়ের রেকর্ড।

আসন্ন টি-২০ বিশ্বকাপে উসাইন বোল্টকে শুভেচ্ছাদূত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরপর এক ভিডিও বার্তায় নানা ইস্যুতে কথা বলেন দ্রুতগতির এ মানব। সেখানেই পিএসজি তারকা এমবাপ্পের পারফরম্যান্স নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, আটবার অলিম্পিক স্বর্ণপদক জেতা এই তারকা মনে করেন কিলিয়ান এমবাপ্পের তার সঙ্গে একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ নেয়া উচিত।

বোল্টের দেওয়া সেই চ্যালেঞ্জ হাসিমুখেই গ্রহণ করেছেন এমবাপ্পে। একই সঙ্গে ট্র্যাকে নামার আগেই মেনে নিয়েছেন পরাজয়, ‘আমি মনে করি, উসাইন বোল্ট সবার জন্য অনুপ্রেরণা। এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই হয়তো তার প্রতিযোগিতা দেখার জন্য মাঝ রাতে জেগে থেকেছেন। আমি তাকে সম্মান করি, তার সঙ্গে প্রতিযোগিতা করতে পারাটাও হবে সম্মানের। তবে তার সঙ্গে জয় পাওয়াটা মোটেও সহজ হবে না।’

Advertisement

এমবাপ্পের জেতার সম্ভাবনা দেখছেন না খোদ বোল্টও। জ্যামাইকার এই সাবেক দৌড়বিদ বলেন, ‘আমি চাই সে আমার সঙ্গে এই প্রতিযোগিতা করুক। সে ফ্রান্স জাতীয় দলের হয়ে অসাধারণ ভূমিকা রেখেছে। সে এতো তরুণ বয়সে ফ্রান্স জাতীয় দলের জন্য যা করেছে তা সত্যি অনুপ্রেরণা জোগায়। তবে আমার মনে হয় ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় এমবাপ্পে আমার সঙ্গে জিততে পারবে না!’

চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচে জোড়া গোল করে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি গতির ঝড় তুলেছিলেন এমবাপ্পে। ম্যাচের এক পর্যায়ে স্প্রিন্টে ১০.৯ সেকেন্ডে দৌড়েছিলেন ১০০ মিটার। সেদিন ঘণ্টায় ৩৩ দশমিক ২৪ কিলোমিটার গতিতে দৌড়েছেন পিএসজি অধিনায়ক।

এদিকে ২০১৭ সালে সকল ধরনের দৌড় প্রতিযোগিতা থেকে অবসর নেন বোল্ট। সম্প্রতি ২০২৪ টি-২০ বিশ্বকাপে শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব পেয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই দৌড়বিদ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!