ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ওচোয়াকে বাদ দিয়ে মেক্সিকোর কোপা আমেরিকার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২৮, ১১ মে ২০২৪
ওচোয়াকে বাদ দিয়ে মেক্সিকোর কোপা আমেরিকার দল ঘোষণা
গুইলার্মো ওচোয়া

মেক্সিকোর জার্সি গায়ে ৫টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে গুইলার্মো ওচোয়ার। দেশের হয়ে দেড়শোর বেশি ম্যাচ খেলেছেন তিনি। অভিজ্ঞ এ গোলরক্ষককে বাদ দিয়ে দ্বিতীয় দল হিসেবে আসন্ন কোপা আমেরিকার দল ঘোষণা করেছে মেক্সিকো।

শুক্রবার (১০ মে) দিবাগত রাতে কোপা আমেরিকার জন্য ৩১ জনের প্রাথমিক দল ঘোষণা করেন মেক্সিকো কোচ খাইমে লোসানো। টুর্নামেন্ট শুরুর আগে এই স্কোয়াড থেকেই চূড়ান্ত দল বেছে নেবেন কোচ লোসানো। ওচোয়া ছাড়াও বাদ পড়েছেন রাউল গিমেনেজ ও হারভিং লোজানোর মতো অভিজ্ঞ খেলোয়াড়।

প্রাথমিক এই স্কোয়াডে ১০ জন ফুটবলারকে রাখা হয়েছে মেক্সিকোর অনূর্ধ্ব-২৩ দল থেকে। আগামী দুই বিশ্বকাপের দিকে তাকিয়ে দলকে নতুনভাবে গড়ে তুলতে চান কোচ। তাই বাদ পড়েছেন ওচোয়া। আগামী জুলাইয়ে ৩৯ বছর বয়সে পা রাখতে যাওয়া এই গোলরক্ষকের আন্তর্জাতিক ক্যারিয়ারের এখন শেষ বলেই ধরে নেয়া যায়।

Advertisement

যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে ২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক মেক্সিকো। দেশের মাঠে বিশ্ব আসরের জন্য শক্তিশালী দল গড়ে তুলতে চান তিনি। কোচ এমনকি তাকাচ্ছেন ২০৩০ বিশ্বকাপেও। তিনি বলেন, আমরা একটি শক্তিশালী ও প্রাণবন্ত দল গড়তে চাই। ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপের জন্য ভিত গড়ার সময় এখনই। 

দেড় যুগ ধরে মেক্সিকোর গোলবারের বিশ্বস্ত ও অতন্দ্র প্রহরী ওচোয়া। ২০০৫ সালে মেক্সিকো জাতীয় দলে এই কিংবদন্তি গোলকিপারের অভিষেক হয়। জাতীয় দলের হয়ে ১৫০ ম্যাচ খেলেছেন তিনি। মেক্সিকোর জার্সিতে সর্বোচ্চসংখ্যক ম্যাচ খেলার তালিকায় তৃতীয় ইতালিয়ান ক্লাব সালেরনিতানার এই গোলরক্ষক।

ইংলিশ ক্লাব ফুলহামের ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড রাউল গিমেনেজ মেক্সিকোর জার্সিতে ১০৪ ম্যাচ খেলে করেছেন ৩৩ গোল। মেক্সিকোর হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ষষ্ঠ তিনি। পিএসভি উইঙ্গার লোজানো মেক্সিকোর হয়ে খেলেছেন ৭০ ম্যাচ। মোট ১০টি বিশ্বকাপ আসরে অংশ নেয়ার অভিজ্ঞতা আছে এই তিন খেলোয়াড়ের।

ওচোয়ার বাদ পড়া নিয়ে কোচ লোসানো বলেন, আমি ওর (ওচোয়া) সঙ্গে কথা বলেছি। তাকে জানিয়েছি সিদ্ধান্তটি আমার, আমরা শুধু অন্য খেলোয়াড়দের একটু দেখতে চাই। তার অর্থ এই নয় যে সে প্রক্রিয়ায় (২০২৬ বিশ্বকাপ) নেই। 

২০০৬ থেকে কাতার বিশ্বকাপ পর্যন্ত মোট পাঁচটি আসরে মেক্সিকো দলে ছিলেন ওচোয়া। ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে বেঞ্চে ছিলেন তিনি। অন্যদিকে ৩২ বছর বয়সী গিমেনেজ ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খেলেছেন। ২৮ বছর বয়সী লোসানো বিশ্বকাপের সবশেষ দুটি আসর খেলেছেন।

পিএসভির হয়ে এবার ডাচ লিগ জিতেছেন লোসানো। সর্বশেষ ২০২২ বিশ্বকাপে খেলা স্ট্রাইকার হেনরি মার্টিনেরও জায়গা হয়নি কোপার দলে। ‘বি’ গ্রুপ থেকে এবারের আসরে অংশ নেবে মেক্সিকো। আগামী ২২ জুন তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ জ্যামাইকা। গ্রুপের বাকি দুই প্রতিদ্বন্দ্বী ভেনেজুয়েলা ও ইকুয়েডর।

মেক্সিকোর কোপা আমেরিকা স্কোয়াড

গোলকিপার: লুইস মালাগন, জুলিও গঞ্জালেস, রাউল র‍্যানগেল। 

ডিফেন্ডার: হোর্হে সানচেজ, ইসরায়েল রেয়েস, ব্রায়ান গার্সিয়া, সিজার মন্তেস, ভিক্টর গুজমান, অ্যালেক্সিস পেনা, হোয়ান ভাসকুয়েজ, হোর্হে ওরোজোকো, জেরার্দো আরতেয়াগা, ব্রায়ান গঞ্জালেস। 

মিডফিল্ডার: এডসন আলভারেজ, লুইস রোমো, জর্ডান কারিল্লো, এরিক সানচেজ, ওরবেলিন পিনেদা, রবার্তো আলভারদো, লুইস শাভেজ, আন্দ্রেস মন্তানো, ফার্নান্দো বেলত্রান, কার্লোস রদ্রিগেজ। 

ফরোয়ার্ড: মার্সেলো ফ্লোরেস, সিজার হুয়ের্তা, হুলিয়ান কুইনোনেস, গিলের্মো মার্তিনেজ, সান্তিয়াগো গিমেনেজ, অ্যালেক্সিস ভেগা, ডিয়েগো লেইঞ্জ ও জুরিয়েল আন্তুনা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!