ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইনজুরিতে তাসকিন আহমেদ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩২, ১২ মে ২০২৪
ইনজুরিতে তাসকিন আহমেদ
তাসকিন আহমেদ

সামনেই টি-২০ বিশ্বকাপ। বড় এ টুর্নামেন্টে বাংলাদেশের পেস ডিপার্টমেন্টের অন্যতম ভরসার নাম তাসকিন আহমেদ। তবে আসর শুরুর আগেই তাকে নিয়ে এসেছে দুঃসংবাদ। ইনজুরিতে পড়েছেন এ পেসার।

সাইড স্ট্রেইন ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-২০তে খেলতে পারেননি তাসকিন। চতুর্থ টি-২০তে ফিল্ডিং করার সময় ডাইভ দিয়ে চার বাঁচাতে গিয়ে ইনজুরিতে পড়েন তিনি।

সেই ম্যাচটি  ৫ রানে জিতে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় টাইগাররা। তবে তাসকিনের ইনজুরি কতটা গুরুতর এখনো তা নিশ্চিত হওয়া যায়নি। সদ্য সমাপ্ত সিরিজে ৪ ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন তাসকিন।

Advertisement

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ড. দেবাশিষ চৌধুরী বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-২০তে রান বাঁচাতে গিয়ে ডাইভ দিয়ে ইনজুরিতে পড়েন তাসকিন। এখনো ব্যথা আছে তার। এজন্য পঞ্চম ম্যাচে খেলতে পারেনি সে। তাসকিন পর্যবেক্ষণে আছে। আমরা তার দেখাশোনা করছি।’

পেশাদার ক্রিকেট ক্যারিয়ার শুরুর পর থেকেই ইনজুরি তাসকিনের সঙ্গে জড়িয়ে আছে। এমনকি ইনজুরিকে দূরে রাখতে টেস্ট ক্রিকেট থেকে বিশ্রামও নিয়েছেন তিনি।

গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন কাঁধে চোট পাওয়ার কারণে শ্রীলংকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল তাসকিনকে। ইনজুরি থেকে সুস্থ হয়ে বিপিএল দিয়ে মাঠে ফেরেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!