আর এই জয়ে একটি রেকর্ডও হয়ে গেছে বাবরের। তার নেতৃত্বে রোববার (১২ মে) ৪৫তম জয় পেয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক টি-২০তে এখন দলকে সবচেয়ে বেশি জয়ে নেতৃত্ব দেওয়া অধিনায়ক তিনি। এ রেকর্ড গড়ার সময় বাবর ছাড়িয়ে গেছেন উগান্ডার ব্রায়ান মাসাবাকে। তার অধীনে আফ্রিকান দেশটি জিতেছে ৪৪টি ম্যাচ।
অধিনায়ক বাবর প্রথম জয় পান ২০২০ সালের জানুয়ারিতে, লাহোরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে। মজার ব্যাপার, সে ম্যাচেও তিনি কোনো রান করতে পারেননি। এমনিতে অধিনায়ক হিসেবে সেটি ছিল তার চতুর্থ ম্যাচ। তার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাবরের নেতৃত্বে প্রথম তিনটি ম্যাচ হেরেছিল পাকিস্তান।
.png)
আন্তর্জাতিক টি-২০তে সবচেয়ে বেশি জয় পাওয়া অধিনায়কদের তালিকায় এখনও দলকে নেতৃত্ব দিচ্ছেন পাঁচজন। তারা হলেন পাকিস্তানের বাবর, উগান্ডার মাসাবা, ভারতের রোহিত শর্মা, মালয়েশিয়ার আহমেদ ফায়াজ, নামিবিয়ার গেরহার্ড এরাসমাস ও নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন।
কিছুদিন পরই ওয়েন্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে টি-২০ বিশ্বকাপ। আসন্ন এ বিশ্বকাপে মালয়েশিয়ার ফায়াজ ছাড়া বাকিদের দেখা যাবে। উইলিয়ামসন ও মাসাবা আবার প্রথম পর্বে গ্রুপ ‘সি’-এর লড়াইয়ে মুখোমুখি হবেন।
অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ওয়ানডে জয়ের রেকর্ডটি রিকি পন্টিংয়ের। তার অধীনে অস্ট্রেলিয়া জেতে ১৬৫টি ওয়ানডে। তালিকায় দুইয়ে থাকা মহেন্দ্র সিং ধোনির জয়ের সংখ্যা ১১০টি। টেস্টে ৪৮টি জয় নিয়ে তালিকার দুইয়ে পন্টিং। এখানে তার ওপরে থাকা গ্রায়েম স্মিথের অধীনে দক্ষিণ আফ্রিকা জেতে ৫৩টি টেস্ট।