টানা পাঁচটি ম্যাচ জিতে প্লে অফের লড়াইয়ে ভাল জায়গায় উঠে এসেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। রাজস্থান রয়্যালসকে হারিয়ে আশা বাড়িয়েছে চেন্নাই সুপার কিংসও। এমনকি আট নম্বরে থাকা গুজরাট টাইটান্সও খাতা-কলমে প্লে অফের লড়াইয়ে রয়েছে।
একনজরে দেখে নিন আইপিএলের প্লে অফে যেতে কোন দলের সামনে কী সমীকরণ-
.png)
কলকাতা নাইট রাইডার্স: ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে প্লে অফে উঠেছে কেকেআর। পয়েন্ট তালিকার শীর্ষে শেষ করার সম্ভাবনা ৬২.৫ শতাংশ। তাদের প্রথম দুইয়ে শেষ করার সম্ভাবনা ৮৭.৫ শতাংশ। কেকেআর যদি বাকি দু’টি ম্যাচ হারে ও হায়দরাবাদ তাদের বাকি দু’টি ম্যাচ জেতে তাহলে দুই দলের পয়েন্ট সমান হবে। তারপরেও নেট রানরেটে কলকাতার প্রথম দুইয়ে থাকার সম্ভাবনা বেশি।
রাজস্থান রয়্যালস: ১২ ম্যাচে ১৬ পয়েন্ট। হারের হ্যাটট্রিক করলেও এখনো রাজস্থানের পয়েন্ট তালিকার শীর্ষে শেষ করার সম্ভাবনা ১২.৫ শতাংশ। তাদের প্রথম দুইয়ে শেষ করার সম্ভাবনা ৩৭.৫ শতাংশ। যদি রাজস্থান বাকি দু’টি ম্যাচ হারে তা হলে চেন্নাই ও হায়দরাবাদের সঙ্গে একই পয়েন্টে শেষ করতে পারে তারা। তারপরেও নেট রানরেটের বিচারে প্লে অফে উঠতে পারে রাজস্থান।
চেন্নাই সুপার কিংস: ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট। মহেন্দ্র সিং ধোনিদের প্রথম চারে শেষ করার সম্ভাবনা ৯১ শতাংশ। আরো দুই বা তিনটি দলের সঙ্গে একই পয়েন্টে শেষ করার সম্ভাবনাও রয়েছে তাদের। সেক্ষেত্রে কাজে আসবে নেট রানরেট। ধোনিদের নেট রানরেট কেকেআরের পরেই সবচেয়ে ভাল।
সানরাইজার্স হায়দরাবাদ: ১২ ম্যাচে ১৪ পয়েন্ট। এক ম্যাচ কম খেলায় চেন্নাইয়ের থেকেও হায়দরাবাদের প্রথম চারে ওঠার সম্ভাবনা বেশি (৯৭ শতাংশ)। কলকাতা ও রাজস্থানের সঙ্গে তাদের একই পয়েন্টে শেষ করার সম্ভাবনা ৩ শতাংশ।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: ১৩ ম্যাচে ১২ পয়েন্ট। শেষ ম্যাচ জিতলে ব্যাঙ্গালুরুর প্লে অফে ওঠার সম্ভাবনা ৪০ শতাংশ। আরো পাঁচটি দলের সঙ্গে একই পয়েন্টে শেষ করারও সম্ভাবনা রয়েছে তাদের। কোহলিদের নেট রানরেট বাড়ায় সুযোগ বেড়েছে তাদের।
দিল্লি ক্যাপিটালস: ১৩ ম্যাচে ১২ পয়েন্ট। দিল্লির প্লে অফে ওঠার সম্ভাবনা ৩১.৩ শতাংশ। তিন থেকে পাঁচটি দলের সঙ্গে একই পয়েন্টে শেষ করতে পারে তারা। সেক্ষেত্রে দেখা হবে নেট রানরেট।
লখনৌ সুপার জায়ান্টস: ১২ ম্যাচে ১২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলায় লখনৌয়ের প্লে অফে ওঠার সম্ভাবনা বেশি (৫৬ শতাংশ)। তিনটি দলের সঙ্গে একই পয়েন্টে শেষ করতে পারেন লোকেশ রাহুলরা।
গুজরাট টাইটান্স: ১২ ম্যাচে ১০ পয়েন্ট। তাদের প্লে অফে ওঠার সম্ভাবনা সবচেয়ে কম (১৬ শতাংশ)। আরো চার বা পাঁচটি দলের সঙ্গে একই পয়েন্টে শেষ করার সম্ভাবনাও রয়েছে তাদের। তবে গুজরাটের নেট রানরেট কম থাকায় সুযোগ কম।