রোববার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-২০র আগে ব্যথা বাড়লে হাসপাতালে পাঠানো হয় তাসকিনকে। আজ (সোমবার) সকালে রিপোর্ট পেয়ে সেটি পাঠানো হয়েছে আমেরিকায়। সেখানকার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাসকিনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ বিষয়ে বিসিবির নির্বাচক প্যানেলের এক সদস্য সাংবাদিকদের জানিয়েছেন, ‘তাসকিনের মেডিকেল রিপোর্টের স্ক্যান কপি যুক্তরাষ্ট্রে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। যেহেতু দল সেখানে থাকবে, তাই ঐ দেশের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।’
.png)
তাসকিনের বিশ্বকাপে খেলা না খেলার বিষয়ে এখনো চূড়ান্ত না হলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে তার খেলা যে হচ্ছে না এটা পুরোপুরি নিশ্চিত। আর আসন্ন এই সিরিজের তার বিকল্প হিসেবে ভাবা হচ্ছে আরেক পেসার হাসান মাহমুদকে।
তবে বিশ্বকাপে তাসকিনকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজম্যান্ট। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে পাঠানো বিশ্বকাপের দলে পরিবর্তন আনা যাবে ২৫ মে পর্যন্ত।
টি-২০ বিশ্বকাপ খেলতে বুধবার (১৫ মে) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। হিউস্টনে স্বাগতিকদের বিপক্ষে প্রস্তুতিমূলক সিরিজ রয়েছে টাইগারদের। আগামী ২১, ২৩ ও ২৫ মে মাঠে গড়বে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের এই সিরিজ।