মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে মিরপুরে ১৫ সদস্যের দল ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
আসন্ন এই টি-২০ বিশ্বকাপে সাম্প্রতিক সময়ে অফফর্মে থাকা লিটন দাসের ওপর আস্থা রেখেছে ক্রিকেট বোর্ড। অন্যদিকে মোহাম্মদ সাইফউদ্দিনকে টপকে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব।
.png)
জুনিয়র সাকিব ছাড়াও এই বিশ্বকাপে বাংলাদেশের ডেরায় আছে আরো ৪ নতুন মুখ। যারা কখনোই বিশ্বকাপে যাননি। ওপেনিং ব্যাটার তানজিদ হাসান তামিম, উইকেটরক্ষক জাকের আলী অনিক। এছাড়া দুই স্পিনার তানভীর ইসলাম ও রিশাদ হোসেন।
এদের মাঝে তানজিদ তামিম অবশ্য গত ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন। আর তানজিম সাকিব সুযোগ পেয়েছিলেন মাত্র দুই ম্যাচে। আর বাকি তিনজন অনিক, তানভীর ও রিশাদের দেশের জার্সিতে এটাই প্রথম বৈশ্বিক টুর্নামেন্ট।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের ওপেনিং সামলানোর দায়িত্ব পেয়েছেন তানজিদ হাসান তামিম। যা তিনি বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন।
২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা যে দলটা এখন বাংলাদেশ ক্রিকেটের তারুণ্যের প্রতিচ্ছবি হয়ে আছে, সেই দলের ওপেনার ছিলেন জুনিয়র তামিম। ইমার্জিং এশিয়া কাপ দিয়ে জাতীয় দলের রাডারে এসেছিলেন। এরপর সরাসরি বিশ্বকাপে। খুব বড় কিছু করে না দেখালেও নিজের ভেতরে থাকা সম্ভাবনার কথা জানান দিয়েছিলেন ভালোভাবেই।
তানজিম হাসান সাকিবের শুরুটাও প্রায় সমসাময়িক। এশিয়া কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ে ভূমিকা রেখেছিলেন এই পেসার। এরপর বিতর্কের ঝড়ঝাপটা পেরিয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছিলেন। শ্রীলংকার বিপক্ষে জয়ের ম্যাচে ছিল তার ৩ উইকেট।
ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে সিরিজে ফিনিশার রোলে উত্থান হয়েছে রিশাদ এবং জাকেরের। একজন ছিলেন টি-২০তে। আরেকজন ওয়ানডেতে।
উইকেটরক্ষকের দায়িত্ব সামলানোর পাশাপাশি মিডল অর্ডার কিংবা লোয়ার মিডল অর্ডারেও দারুণ কার্যকরী জাকের আলী। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে এরই মধ্যে নিজের পাওয়ার হিটিং শো দেখিয়েছেন এই ক্রিকেটার।
বাংলাদেশ দলের একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন। গত কয়েক সিরিজে টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিয়েছেন। বিশ্বকাপেও যে তাকে ঘিরে বাড়তি পরিকল্পনা সাজিয়েছে টিম ম্যানেজমেন্ট তা বলার অপেক্ষা রাখে না।
বিপিএলে জাকেরের সতীর্থ হিসেবে ছিলেন বাঁহাতি ফিঙ্গার স্পিনার তানভীর ইসলাম। এর আগেও খেলেছেন বাংলাদেশের জার্সিতে। তার পারফরম্যান্সটাও নেহাত ফেলনা নয়। স্বীকৃত টি-২০তে ৬১ ইনিংসে বল করে পেয়েছেন ৭৪ উইকেট।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: লিটন দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
রিজার্ভ: হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুব।