চোটে আক্রান্ত তাসকিন কেন সহ-অধিনায়ক, জানালেন লিপু
আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ডেপুটি করা হয়েছে তাসকিন আহমেদকে। যা অনেকের কাছে সারপ্রাইজ প্যাকেজ বলা যায়।
চোটে আক্রান্ত তাসকিনের দলে থাকা নিয়েই ছিল প্রশ্ন, সেই তাকেই সহ-অধিনায়ক ঘোষণা করা খানিক বিষ্ময়ের জন্মই দিয়েছে। ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশ ক্রিকেটে সহ-অধিনায়কের পদ ফাঁকা আছে। আরেকটা বিশ্বকাপে এসে এই দায়িত্বে এলেন এমন একজন, যিনি এর আগে জাতীয় দলে এমন পদেই ছিলেন না।
কেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে ব্যাখ্যা হিসেবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘এটা একটা গ্লোবাল টুর্নামেন্ট। এর আগে তো আমি কোনো দল ঘোষণা করতে আসিনি, এটা বিসিবির সিদ্ধান্ত। বিসিবি থেকে আমাদেরকে অবহিত করা হয়েছে যে তারা ভাইস ক্যাপ্টেন হিসেবে তাসকিন আহমেদকে বিবেচনা করেছে।’
.png)
এমন মন্তব্যের পরেই অবশ্য তাসকিন নিয়ে উচ্চাশা শোনা গেল প্রধান নির্বাচকের কণ্ঠে, ‘তিনি (তাসকিন) অন্য একটি জেনারেশনের উদীয়মান একজন খেলোয়াড়। একটা ডিপার্টমেন্টকে লিড করছেন। এবং দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলছেন বিভিন্ন ফরম্যাটে। সেজন্য হয়তো তাকে ডিজার্ভিং ক্যান্ডিডেট মনে করেছে বিসিবি।’
সাইড স্ট্রেইনের চোটে সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচটি খেলতে পারেননি তাসকিন। একই কারণে মিস করবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজও। এ নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘এটা আপনাদের ভালো বলতে পারবে ভালো মেডিক্যাল কমিটি। যতটুকু তথ্য জানা আছে, সেই তথ্যের আলোকে আমরা আশা রাখছি তিনি হয়তো বিশ্বকাপ চলার কোনো একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন। সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে।’
তাসকিনের দলভুক্তির ব্যাপারে আইসিসির ব্যাখ্যা দিয়ে লিপু বলেন, ‘আপনারা হয়তো অনেকেই ওয়াকিবহাল আছেন এবারের সিলেকশন এবং রিপ্লেসমেন্ট পলিসি আইসিসির যেটা সেখানে আপনি তিনজন খেলোয়াড়কে ক্যারি (রিজার্ভ) করতে পারবেন। পরবর্তী পর্যায়ে কোনো খেলোয়াড় যদি আকাঙ্ক্ষিত রিকোভারি না হয়, তখনও আপনি তাকে বদলাতে পারবেন।’
তার কথায়, ‘এমন না যে সবাইকে ফ্রেশ নিয়ে ২৫ তারিখের মধ্যে ঢুকতে হবে। তারপর কেউ ইনজুরড হলে বদলাতে পারবেন না, ব্যাপারটা এমন না। আপনি একজন ইনজুরড খেলোয়াড় নিয়েও টুর্নামেন্টে ঢুকতে পারবেন।’