আজ মায়ামির চেজ স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি শুরু হয়েছিল দেরিতে। খেলার মাঝপথেও বৃষ্টি হানা দেয়। ম্যাচটিতে বেশ দাপটের সঙ্গেই খেলেছিল স্বাগতিকরা। তবুও ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা পায়নি গোলাপি জার্সিধারীরা।
একপর্যায়ে মনে হয়েছিল ম্যাচটি হয়তো গোলশূন্য ড্রয়ে শেষ হবে। কিন্তু অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে চমক দেখান লিওনার্দো কাম্পানা। তার একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মেসিবাহিনী মাঠ ছাড়ে। মজার বিষয়, তিনি মোটে ১ মিনিট মাঠে ছিলেন। বদলি হিসেবে নেমেই স্কোর করেন এ ফুটবলার।
.png)
ম্যাচের প্রথমার্ধে দাপুটে খেলেও গোলের দেখা না পাওয়ায় কঠিন পরিস্থিতিতে পড়ে যান জেরার্দো টাটা মার্টিনো। বিশেষ করে মুষলধারে বৃষ্টি চলাকালে লুইস সুয়াজের ফাউলের শিকার হলে ফ্রি-কিক পায় মায়ামি। তাতে গোল পাননি মেসি। তার শট প্রতিপক্ষের মানবপ্রাচীরে বাধা পেয়ে ব্যর্থ হয়ে যায়।
এর আগে মেসি-সুয়ারেজদের পাসিং ফুটবলের বিপরীতে ডিসি ইউনাইটেড প্রতি–আক্রমণনির্ভর ফুটবল খেলে সুযোগ তৈরির চেষ্টা করে। কিন্তু উভয় পক্ষই প্রথমার্ধে ডেডলক ভাঙতে না পারার ব্যর্থতা নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচের দ্বিতীয়ার্ধে সফরকারীরা মায়ামির দাপট কমাতে শুরু করে।
তবুও ধীরে ধীরে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে নেন মেসিরা। ৭০ মিনিটে এই আর্জেন্টাই মহাতারকার দূরপাল্লার শট বারের ওপর দিয়ে চলে যায়। নিশ্চিত ড্র মাথায় নিয়েই ম্যাচের শেষদিকে ডিসি ইউনাইটেড রক্ষণাত্মক ফুটবল খেলতে শুরু করে। মায়ামি সেই সুযোগ কাজে লাগাতে মরিয়া হয়ে আক্রমণে যায়।
তারই ধারাবাহিকতায় যোগ করা সময়ে মেসিরা পেয়ে যান জয়সূচক গোলটি। এই জয়ে তারা ১৫ ম্যাচ শেষে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষেই থাকল। ১৫ ম্যাচে ৯ জয় ৪ ড্র ও ২ হারে মায়ামির পয়েন্ট এখন ৩১।