তবে আইসিসির ইভেন্ট ও এশিয়া কাপ ছাড়া ভারত-পাকিস্তানের তো মুখোমুখি দেখা হওয়া বন্ধ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচগুলো বর্তমানে হয় পাকিস্তানের বাইরে। সেখানে বিরাট কোহলির পাকিস্তান সফরের আগ্রহের কথা শুনে খুশি শহীদ আফ্রিদি।
ক’দিন আগে যখন কোহলির আগ্রহ প্রকাশের কথা সামাজিক মাধ্যমে চাউর হয়, তাতে আফ্রিদি সন্তোষ প্রকাশ করেছেন। করাচিতে শনিবার কোনো এক টেপ বল টুর্নামেন্টে আফ্রিদি বলেছেন, ‘বিরাটের থেকে এমন মন্তব্য আশা করেছিলাম। যদি পিএসএল অথবা ভারতীয় দলের সঙ্গে খেলতে আসে, তাহলে তাকে স্বাগত জানাই।’
.png)
পাকিস্তানে কোহলি সফর করবেন, এমন কথা ২০২২ সালে জানা গেছে শেহরোজ কাশিফ নামে এক পর্বতারোহীর বক্তব্যে। দুই বছর আগে পাকিস্তানের পর্বতারোহীর (কাশিফ) সঙ্গে ভিডিও কলে কোহলি বলেন, ‘তোমার পরিবার ও বন্ধুদের প্রতি আমার সম্মান। আশা করি, খুব শিগগিরই আমরা পাকিস্তান সফর করব। প্রত্যেকেই এখন সফর (পাকিস্তানে) করা শুরু করেছে।’
২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে গড়ানোর কথা চ্যাম্পিয়নস ট্রফি। দেশটির সম্ভাব্য তিন ভেন্যু করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি।
ক্রিকইনফো জানিয়েছে, টুর্নামেন্টে ভারতের সব ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। টুর্নামেন্টটির ফাইনালও হতে পারে লাহোরে। ভারতীয় ক্রিকেট দলের ভ্রমণঝক্কি এড়াতেই মূলত সব ম্যাচ একই ভেন্যুতে দেওয়া। লাহোরে ম্যাচ হলে প্রতিবেশী দেশ ভারতের ভক্ত-সমর্থকদের জন্যও খেলা দেখতে যাওয়া তুলনামূলক সহজ হবে।