এমন দিনে শিষ্যদের কাছে দারুণ একটি জয় উপহার পাওয়ার আশা করছিলেন ক্লপ। তবে শিষ্যরাও হতাশ করেননি তাকে। প্রিয় গুরুর বিদায়লগ্নে জয় উপহার দিয়েছেন অলরেডরা।
চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ দিনে উলভারহ্যাম্পটনকে ২-০ হারিয়েছে লিভারপুল। রোববার অ্যানফিল্ডে ম্যাচের ২৮তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় সফরকারী উলভারহ্যাম্পটন। এতে জয় পাওয়া সহজ হয়ে লিভারপুলের।
.png)
সেই সুযোগ কাজে লাগিয়ে ৩৪তম মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে প্রথম লিড নেয় অলরেডরা। এর ৬ মিনিট পর জারেল কুয়ানসাহর গোলে ব্যবধান দিগুণ করে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ২-০ গোলেই জয় নিশ্চিত করে ক্লপের শিষ্যরা।
এর আগে ২০১৫ সালে তিন বছরের চুক্তিতে লিভারপুলে এসেছিলেন ক্লপ। এসেই অলরেডদের হালচাল বদলে দিয়েছিলেন তিনি। এরপর ২০১৭-১৮ মৌসুমে চতুর্থ স্থানে থেকে লিভারপুলকে প্রিমিয়ার লিগ শেষ করান ক্লপ। যে কারণে পরের মৌসুমে সুযোগ পেয়ে যায় চ্যাম্পিয়ন্স লিগ খেলার। এই মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে নেয় অলরেডরা।
এরপর ২০১৯-২০ মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপাও জিতে নেয় ক্লপের অধীনে থাকা লিভারপুল। অর্থাৎ আনফিল্ডের দলটির না পাওয়া সবকিছুই আসে ক্লপের হাত ধরে।
লিভারপুলকে সফলতার নানা মুকুট পরিয়ে চলতি মৌসুমের শুরুতে হুট করে বিদায়ের ঘোষণা দেন ক্লপ। তিনি জানিয়েছেন, জীবনের শেষ দিনগুলো নিজের পরিবারকে দিতে চান ৫৬ বছর বয়সী এই কোচ।