নির্ধারিত সময়েই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল নেদারল্যান্ডস। ঘোষিত সেই স্কোয়াড থেকে দুটি পরিবর্তন এনেছে ডাচরা। চোটের কারণে ছিটকে গেছেন দুই ক্রিকেটার ফ্রেড ক্লাসেন এবং ড্যানিয়েল ডোরাম। আর এই দুজনের বদলি হিসেবে দলে ডাকা হয়েছে সাকিব জুলফিকার এবং কাইল ক্লেইনকে।
বিশ্বকাপের ঠিক আগে পিঠের পুরাতন চোট ফিরে এসেছে ক্লাসেনের। যার ফলে বিশ্বকাপে খেলা হচ্ছে না তার। অন্যদিকে ডোরাম পড়েছেন অন্যরকম বিড়ম্বনায়। হাত ভেঙে ফেলায় ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। কাইল ক্লেইন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে স্কোয়াডে ছিলেন। নতুন করে বিশ্বকাপের জন্য ডাক পেলেন সাকিব জুলফিকার।
.png)
২৭ বছর বয়সী লেগ স্পিনার সাকিব জুলফিকার নেদারল্যান্ডসের হয়ে এখন পর্যন্ত ৬টি টি-২০ খেলেছেন। অন্যদিকে ডানহাতি মিডিয়াম পেসার ক্লেইন এখনও পর্যন্ত ডাচদের হয়ে খেলেছেন ১টি টি-২০। চলতি বছরের শুরুর দিকে নেপালের বিপক্ষে সেই ম্যাচে আবার করেছেন মোটে ১ ওভার।
টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বর্তমানে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের সাথে একটি ত্রিদেশীয় সিরিজ খেলছে নেদারল্যান্ডস। বিশ্বকাপে গ্রুপ ‘ডি’ তে খেলবে নেদারল্যান্ডস। সঙ্গী হিসেবে আছে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা।
আগামী ৪ জুন ডালাসে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নেদারল্যান্ডসের বিশ্বকাপ অভিযান। একনজরে নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড:
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিড, সাকিব জুলফিকার, কাইল ক্লেইন, লোগান ফন ভিক, ম্যাক্স ও-দাউদ, মাইকেল লেভিট, পল ভ্যান মিকিরিন, সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেখট, তেজা নিদামানারু, টিম প্রিঙ্গলে, বিক্রম সিং, ভিভ কিংমা, ওয়েসলি বারেসি।