শনিবার বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ভারতে বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। যেখানে দারুণ বোলিং করছিলেন শরিফুল ইসলাম। ৩ ওভারে ১৯ রানে ১ উইকেট পেয়েছিলেন। তবে নিজের ও ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে বাঁহাতেই (মধ্যমা ও বুড়ো আঙুলের মাঝে) চোট পান এই পেসার।
পরে তীব্র ব্যথা নিয়ে ফিজিওর সঙ্গে মাঠ ছেড়েছেন শরিফুল। ম্যাচ শেষে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
এ নিয়ে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম গণমাধ্যমকে বলেন, শরিফুলের হাতে রক্ত ঝরেছে। তবে বাংলাদেশ সময় রাত দেড়টায় জানা যায়নি তার হাতে কয়টা সেলাই লাগবে আসলে। নিউইয়র্কের একজন শল্যবিদের পরামর্শ নিয়ে তবেই শরিফুলের হাতের সেলাইয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।
.png)
তবে হাতের যে অবস্থা দাঁড়িয়েছে, শরীফুলের হাতে সেলাই পড়ার সম্ভাবনা বেশি। আর এতেই তাকে নিয়ে সংশয় জেগেছে, শ্রীলংকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে পাওয়া যাবে তো শরিফুলকে? একমাত্র যুক্তরাষ্ট্রের উন্নত চিকিৎসা ব্যবস্থার ওপর ভরসা করে তাকে নিয়ে এখনো আশা ছাড়ছে না বাংলাদেশ।
দলের ব্যাটিং দুর্দশার মধ্যে শরীফুলের চোট চিন্তা বাড়িয়েছে বাংলাদেশকে। তাসকিন আহমেদকে নিয়ে অনিশ্চয়তা, এখন শরীফুলের চোটও যদি গুরুতর হয়, ডালাসে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের পরীক্ষাটা আরো কঠিন হবে নিশ্চিত।