ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

১৫ বছর পর বিশ্বমঞ্চে ভারতের মুখোমুখি আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৩০, ৪ জুন ২০২৪
১৫ বছর পর বিশ্বমঞ্চে ভারতের মুখোমুখি আয়ারল্যান্ড
ফাইল ছবি

দীর্ঘ ১৫ বছর পর টি-২০ বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও আয়ারল্যান্ড। চলমান বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে আগামীকাল মাঠে নামছে ভারত ও আয়ারল্যান্ড। ২০০৯ সালে টি-২০ বিশ্বকাপে দু’দলের সর্বশেষ দেখা হয়েছিলো।

বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় সাক্ষাৎকে জয় দিয়ে উদযাপন করতে চায় উভয় দলই। নিউইয়র্কে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে খেলতে নামবে দু’দল।

ইংল্যান্ডের নটিংহামে অনুষ্ঠিত ঐ ম্যাচে ভারত ৮ উইকেটে হারিয়েছিলো আয়ারল্যান্ডকে। এরপর ছয়টি বিশ্বকাপ চলে গেলেও সংক্ষিপ্ত ভার্সনের মেগা ইভেন্টে দুই দলের দেখা হয়নি।

Advertisement

২০০৯ সালের বিশ্বকাপের পর তিন দফায় আয়ারল্যান্ড সফরে ৬টি টি-২০ খেলেছে ভারত। সবগুলোতেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। তাই আইরিশদের বিপক্ষে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে শতভাগ জয় আছে ভারতের।

আয়ারল্যান্ডের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড অব্যাহত রাখার মিশন ভারতের। আগামীকালও ফেবারিট হিসেবেই মাঠে নামবে তারা। তবে আয়ারল্যান্ড ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের মাটিতে ভারতের অনুশীলন ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দ্রাবিড়।

কোন মাঠ বা ইনডোরে নয়, ভারতকে অনুশীলন করতে হচ্ছে পাবলিক পার্কে। বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্রের এমন আয়োজনে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির কোচ দ্রাবিড়।

চলতি বছর দু’টি দ্বিপাক্ষিক ও একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেয় আয়ারল্যান্ড। আফগানিস্তান ও পাকিস্তানের কাছে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হারলেও, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয় আইরিশরা।

২০০৯ থেকে সবগুলো বিশ্বকাপে খেলেছে আয়ারল্যান্ড। এরমধ্যে ২০২২ সালে সর্বশেষ আসরেই সবচেয়ে বেশি ৩ ম্যাচ জিতেছিলো তারা। গ্রুপ পর্বে দুই ম্যাচ ও সুপার টুয়েলভে ১টি ম্যাচ জিতেছিলো আইরিশরা।

ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), যশস্বী জসওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ট (উইকেটরক্ষক), সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

আয়ারল্যান্ড দল: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক আদায়ার, রস আদায়ার, অ্যান্ড্রু বালবির্নি, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, নেইল রক, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!