ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

যুক্তরাষ্ট্র দেয়নি ভিসা, বিশেষ উপায়ে বিশ্বকাপে খেলবেন লামিচানে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:১৪, ১০ জুন ২০২৪
যুক্তরাষ্ট্র দেয়নি ভিসা, বিশেষ উপায়ে বিশ্বকাপে খেলবেন লামিচানে
সন্দ্বীপ লামিচানে

অবশেষে চলমান টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ পেলেন নেপালের ক্রিকেটার সন্দ্বীপ লামিচানে। যুক্তরাষ্ট্রের ভিসা না পেলেও ওয়েস্ট ইন্ডিজের ভিসা নিয়ে বিশ্বকাপে অংশ নেবেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গ্রুপ পর্বের নেপালের শেষ দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবেন লামিচানে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল-এর (সিএএন) পক্ষ  থেকে এ কথা জানানো হয়েছে।

২০২২ সালে নেপালে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গত বছরের ডিসেম্বরে দোষী সাব্যস্ত হয়ে আট বছরের কারাদণ্ড পান লামিচানে। এ বছরের ১৫ মে উচ্চ আদালতে আপিলের পর ধর্ষণ মামলায় খালাস পান তিনি।

Advertisement

আদালত থেকে লামিচানকে নির্দোষ ঘোষণা করার পর বিশ্বকাপে দলে নেওয়া হয় লামিচানেকে। কিন্তু তাকে ভিসা দেয়নি বিশ্বকাপের সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। ফলে যুক্তরাষ্ট্রে মাটিতে নেপালের প্রথম দুই ম্যাচে খেলার সুযোগ হয়নি তার।

এরই মধ্যে ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি ম্যাচ খেলেছে নেপাল। আগামী ১২ জুন লডারহিলে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে নেপাল। ওয়েস্ট ইন্ডিজের ভিসা থাকায় গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে খেলবেন লামিচানে।

কিংস্টনে ১৫ জুন দক্ষিণ আফ্রিকা ও ১৭ জুন বাংলাদেশের বিপক্ষে ম্যাচ রয়েছে নেপালের। ঐ দু’ম্যাচে লামিচানে খেলবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে সিএএন সচিব পারস খাড়কা।

বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হওয়ায় উচ্ছ্বসিত লামিচানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘শেষ দুই ম্যাচে খেলার জন্য দলের সঙ্গে আমি ওয়েস্ট ইন্ডিজে যোগ দিচ্ছি। আমার নিজের এবং সব ক্রিকেটপ্রেমীর স্বপ্নপূরণের অপেক্ষায় আছি।’

নেপালে ক্রিকেটের পোস্টার বয় হিসেবে পরিচিত ২৩ বর বয়সী লামিচানে। দেশের হয়ে ৫২টি টি-২০তে ৯৮ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ৫১ ওয়ানডেতে ১১২ উইকেট আছে তার।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!