ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ ও ম্যাচ সূচি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:২১, ১৪ জুন ২০২৪
সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ ও ম্যাচ সূচি
ফাইল ছবি

জমে উঠেছে চলমান টি-২০ বিশ্বকাপ। এরই মধ্যে শেষের দিকে গ্রুপ পর্বের ম্যাচগুলো। একইসঙ্গে প্রায় নিশ্চিত সুপার এইট পর্বের লাইন আপ। যেখানে এরই মধ্যে ৬ দল নিজেদের জায়গা প্রায় নিশ্চিত করেছে। বিশেষ করে বাংলাদেশ সুপার এইটে যে গ্রুপে থাকবে, সেটির দলগুলো চূড়ান্ত হয়েছে।

‘ডি’ গ্রুপ থেকে সুপার এইটে গেলে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ কারা হবে, তা আগেই নির্ধারণ করে রেখেছিল আইসিসি। গ্রুপ পর্বে তিন ম্যাচে দুই জয়ে সুপার এইটে নিজেদের জায়গা প্রায় নিশ্চিত করেছে বাংলাদেশ। শেষ ম্যাচে বড় কোনো অঘটন না ঘটলে টাইগাররাই খেলবে পরের পর্বে।

আইসিসির নিয়ম অনুযায়ী সুপার এইটে বেশ শক্ত প্রতিপক্ষ পাবে বাংলাদেশ। টাইগারদের প্রতিপক্ষগুলো হচ্ছে যথাক্রমে অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। সূচি অনুসারে ম্যাচগুলো ২১ জুন (ভোর ৬.৩০ মিনিট), ২২ জুন (রাত ৮.৩০ মিনিট) ও ২৫ জুন (ভোর ৬.৩০ মিনিট) অনুষ্ঠিত হবে।

Advertisement

এবার বিশ্বকাপের প্রথম রাউন্ডে ছিল চার গ্রুপ। পাঁচ দলের একেক গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সুপার এইটে। সুপার এইটে থাকছে আবার দুই গ্রুপ। তবে গ্রুপ পর্বের অবস্থানের ভিত্তিতে নয়, গত দুই আসরের মতো পূর্বনির্ধারিত সিডিং অনুযায়ী ঠিক হবে সুপার এইটের গ্রুপ। দর্শকদের টিকিট কাটার সুবিধা, দলগুলোর লজিস্টিক ঠিক করার সুবিধার কথা বিবেচনা করা- এমন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

গ্রুপ পর্বের চারটি শীর্ষ বাছাই ধরে নিয়ে সুপার এইটের জন্য আগেই একটা সিডিং করা আছে। যেমন ‘এ’ গ্রুপ থেকে ভারতকে এ১ এবং পাকিস্তানকে এ২ ধরা হয়েছে। তাদের টপকে যদি অন্য কোনো দল সুপার এইটে ওঠে, তাহলে সেই দল পাবে বাদ পড়া দলের সিডিং নম্বর। 

এখানে যেমন পাকিস্তানের সুপার এইট পর্বে খেলা শঙ্কার মুখে, এই গ্রুপ থেকে যদি যুক্তরাষ্ট্র সুপার এইটে যায়, তবে তারা পাবে এ২ সিডিং, সুপার এইটের গ্রুপ টুতে স্থান হবে তাদের। এভাবে র‍্যাংকিং বিচারে ‘ডি’ গ্রুপের সিডিং অনুযায়ী দক্ষিণ আফ্রিকাকে ডি১ ও শ্রীলংকাকে ডি২ ধরা হয়েছে।

দক্ষিণ আফ্রিকা এরই মধ্যে সুপার এইট নিশ্চিত করেছে। আর শ্রীলংকা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। নেদারল্যান্ডস পুরোপুরি বিদায় না নিলেও তাদের চেয়ে ঢের এগিয়ে টাইগাররা। ফলে বাংলাদেশ সুপার এইটে উঠলে লঙ্কানদের ডি২-তে জায়গা পাবে। এতে সুপার এইটের গ্রুপ ওয়ানে যাবে বাংলাদেশ।

সুপার এইটের গ্রুপ ওয়ানের সিডিংয়ে থাকা অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান নিজেদের জায়গা নিশ্চিত করেছে। ফলে বাংলাদেশ সুপার এইটে উঠলে এই দলগুলোকে প্রতিপক্ষ হিসেবে পাবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!