‘ক্রিকেট নাম দিয়ে হয় না’
নবম টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। লো স্কোরিং ম্যাচটিতে নেপালিদের ২১ রানে হারিয়েছে টিম টাইগার্স। ব্যাটারদের ব্যর্থতার দিনে বল হাতে রীতিমতো ভেলকি দেখিয়েছেন তানজিম সাকিব-মুস্তাফিজুর রহমানরা।
সোমবার সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯.৩ বলে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ৮৫ রানেই গুটিয়ে গেছে নেপাল। বাংলাদেশের জয় ২১ রানে। এই জয়ে গ্রুপ ডি থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে টাইগাররা।
ক্রিকেটারদের আত্মবিশ্বাস নিয়ে সাকিব বলেন, ‘আমার মনে হয়, একজন খেলোয়াড়ের হারার আগে না হারাটা গুরুত্বপূর্ণ। আমি কখনো মনে করি না হেরে যাব। খারাপ দিন গেলে ওখান থেকে কী শিখলাম, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। কখনোই নেতিবাচক চিন্তা করি না। নিজের ওপর ও দলের ওপর অনেক বিশ্বাস করি। আমরা ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাব।’
.png)
তরুণ এ টাইগার পেসার বলেন, ‘আমরা কখনোই আশা হারাইনি। কারণ, আমরা জানি দিন শেষে আমাদের মুস্তাফিজ ভাই আছে। সবাই ওনার ওপর ভরসা করে। তিনি সেটা দেখিয়েছেনও। ৭ রানে ৩ উইকেট, ১৮ ওভারে একটা মেডেন উইকেট। আমাদের বিশ্বাস ছিল আমরা শেষ পর্যন্ত খেলে ম্যাচটা বের করে আনতে পারব।’
এখন বাংলাদেশের সামনে সুপার এইটের চ্যালেঞ্জ। তিন কঠিন প্রতিপক্ষ অপেক্ষা করছে সেখানে—অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান । এই চ্যালেঞ্জ নিয়ে তানজিম সাকিব বলেন, ‘ক্রিকেট নাম দিয়ে হয় না। ক্রিকেট ব্যাটে বলের খেলা। আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব। দিন শেষে দেখা যাবে কে জেতে, কে হারে।’