যদিও গুরুত্ব টিকে থাকা নির্ভর করছে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের উপর। অ্যান্টিগাতেই বাংলাদেশ দল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন করেছে। সহকারী কোচ নিক পোথাস তখনও জানতেন না অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে আফগানিস্তান। সুযোগ তৈরি হবে বাংলাদেশের।
নিজেদের শেষ ম্যাচে ভারতের কাছে অস্ট্রেলিয়া বড় ব্যবধানে হারলেই মেলবে স্বপ্নডানা। আফগানদের বিপক্ষে নামার আগে যে পরিসংখ্যান টাইগারদের আশা দেখাতে পারে তা হচ্ছে, বিশ্ব আসরে বাংলাদেশকে কখনোই হারাতে পারেনি আফগানিস্তান।
.png)
টি-২০ বিশ্বকাপে এক দশক আগের একমাত্র দেখায় বড় ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ। ওয়ানডেতেও তিন দেখায় শতভাগ জয়। যদিও টি-২০ ফরম্যাটে এগিয়ে আফগানরা। এগারো দেখায় ব্যবধান ছয়-চার। বিশ্বকাপের সেমিতে খেলার তাই বড় সুযোগ বাংলাদেশের সামনে।
নিক পোথাস বলেন, আমরা অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করতে চাই এবং করবো। আফগানিস্তানের সঙ্গে আমাদের সাফল্য আছে। সেন্ট ভিনসেন্টের মাঠ সম্পর্কে জানি, দুটি ম্যাচও খেলেছি। তাই এই ম্যাচে ভাল কিছু করে ভালোভাবে বিশ্বকাপ শেষ করতে চাই।
আর্নস ভ্যালের এই মাঠে বাংলাদেশ হারিয়েছে নেদারল্যান্ডস ও নেপালকে। সেখানেই এরচেয়েও বড় কীর্তি গড়েছে রশিদ, নবি, গুলবাদিন নাইবরা। বিশ্ব ক্রিকেটের চ্যাম্পিয়নদের হারানোর ধারাবাহিকতায় ধরাশায়ী অস্ট্রেলিয়া।
সম্ভাবনাটা বাংলাদেশের যতটা তারচেয়ে বেশি আফগানদেরই। বাংলাদেশকে হারালেতো বটেই, হারলেও। আফগানিস্তানের কোচ জনাথন ট্রট বলেন, ক্রিকেটে পিছু ফিরে তাকানোর কিছু নেই।
তিনি বলেন, অনেক কিছু যেমন ছুড়ে ফেলার থাকে তেমনি অনেক ফল পক্ষে বা বিপক্ষে যায়। তাই আমাদের কাজ বাংলাদেশ ম্যাচের দিকে ফোকাস দেয়া। যেহেতু সবশেষ ম্যাচ আমরা খেলতে নামবো তাই জানবো কি করতে হবে বা কি সিদ্ধান্ত নিতে হবে।