ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

বৃষ্টিতে ভিজল ব্রিজটাউন, ফাইনাল নিয়ে যা জানা গেল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:২৪, ২৯ জুন ২০২৪
বৃষ্টিতে ভিজল ব্রিজটাউন, ফাইনাল নিয়ে যা জানা গেল
ছবি- সংগৃহীত

নবম টি-২০ বিশ্বকাপের ফাইনাল আজ। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই মাঠে গড়াবে জমজমাট ফাইনাল। কুড়ি ওভারের শিরোপা জিততে মুখোমুখি হবে আসরের দুই অপরাজিত দল ভারত ও দক্ষিণ আফ্রিকা। কিন্তু বার্বাডোজের এই মহারণে বাদ সাধতে পারে বৃষ্টি।

বার্বাডোজের আবহাওয়ার খবর জানিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা থেকেই বার্বাডোজে বৃষ্টি শুরু হয়েছে। অব্যাহত ছিল রাত পর্যন্ত। আজ শনিবারও বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে দেখাচ্ছে অ্যাকুওয়েদার।

অ্যাকুওয়েদার তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে বার্বাডোজে বৃষ্টির সম্ভাবনা ২৯ শতাংশ। দুপুর ১২টার পর যা বেড়ে হবে ৩৫ শতাংশ। ঘণ্টাখানেকের মধ্যে সেই সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে। দুপুর ১টা থেকে ৫১ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দিনের তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

বৃষ্টিতে আজকের খেলা ভেস্তে গেলেও তেমন সমস্যা নেই। ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা আছে। কোনো কারণে শনিবার পুরোপুরি খেলা না হলে বা অল্প খেলা হলে, তা সম্পূর্ণ করা যাবে আগামীকাল (রোববার)। তবে দু’দিনই যদি খেলা আয়োজন না করা যায়, সে ক্ষেত্রে দু’দল যুগ্মভাবে ট্রফি জিতবে।

তবে ‘টাই’-এর ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে। সে ক্ষেত্রে সুপার ওভার হবে। যদি প্রথম সুপার ওভার ‘টাই’ হয়, তাহলে দ্বিতীয় বার সুপার ওভার হবে। যতক্ষণ না ম্যাচের নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ সুপার ওভার চলতেই থাকবে।

শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ফাইনালের লড়াই শুরু হওয়ার কথা। বার্বাডোজে তখন সকাল ১০.৩০ মিনিট।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!